[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এগিয়ে থেকেও কিংসের কাছে হার মোহামেডানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

মোহামেডানের জন্য ম্যাচটি অতটা গুরুত্বপূর্ণ ছিল না, যতটা ছিল কিংসের জন্য। বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধারের দৌঁড়ে বড় বাধার ম্যাচ ছিল মোহামেডান। সেই বাধা টপকে পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করলো। বৃহস্পতিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গেছে ২-১ গোলে।

১৮ মিনিটে উজবেকিস্তানের মোজাফফরভের গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধের অন্তিম সময়ে গোলটি শোধ দিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে কিংস। রাকিবের পাস থকে ফয়সাল আহমেদ ফাহিম করেন সমতাসূচক গোল। মোহামেডান আগেই শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছে। মাঝে কোচ আলফাজকে বরখাস্ত করে আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেন্টু দায়িত্ব নেওয়ার পর লিগে দুই ও ফেডারেশন কাপে এক ম্যাচ জেতে সাদাকালোরা। তবে অপেক্ষাকৃত শক্তিশালী কিংসের কাছে হারতে হলো তাদের।

সমতায় ফেরার পর কিংস মরিয়া হয়ে উঠেছিল লিড নিতে। একের পর এক কর্নার আদায় করেও কাঙ্খিত গোলটি পাচ্ছিল না তারা। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটন সেই শুভক্ষণ এনে দেয় সাবেক চ্যাম্পিয়নদের। ফয়সাল আহমেদ ফাহিমের পাসে মোহামেডানের জাল কাঁপান এই গোলমেশিন। বাকি সময়ে মোহামেডান ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। সৌরভ দেওয়ান ও বদলি রাফায়েল টুডুরা সেই সুযোগ কাজে লাগাতে না পারায় দুই ম্যাচ জয়ের পর হারতে হলো তাদের।

ম্যাচটি জিতলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ওঠার সুযোগ ছিল মোহামেডানের। হেরে যাওয়ায় পয়েন্ট থাকলো ১৭ এবং অবস্থান আগের মতোই ছয়ে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কিংস।

এদিকে মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাদার্স ও আরামবাগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই দলেরই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। আরামবাগ সেই সুযোগকে ভালোভাবেই কাজে লাগতে পারতো। এক পর্যায়ে ২-০ গোলে লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি। দুই দলেরই পয়েন্ট ১৪ করে। তবে গোলগড়ে ব্রাদার্স সাত আর আরামবাগ আটে অবস্থান করছে। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই রয়ে গেলে রেলিগেশনের ঝুঁকিতে। পিডব্লুডি ১৩ আর ইয়ংমেন্স ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে রয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর