রাফিনহাকে ঘিরে আবারও সরব সৌদি ক্লাবগুলো, নতুন প্রস্তাবের প্রস্তুতি
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে দলে টানতে আবারও সক্রিয় হয়ে উঠেছে সৌদি আরবের একাধিক ক্লাব। নতুন করে তার জন্য বড় অঙ্কের প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে খেলোয়াড় নিজে এখনই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি, আর বার্সেলোনাও তাকে বিক্রির পরিকল্পনায় নেই।
২৯ বছর বয়সী রাফিনহা এখনো বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দলের সহ-অধিনায়ক হিসেবে বিবেচিত। মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স ও পরিশ্রম তাকে সমর্থকদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সৌদি প্রো লিগের তিনটি বড় ক্লাব আবারও তাকে দলে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং কিছু নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি লিগের আকর্ষণ কিছুটা কমলেও, ক্লাবগুলো এখনো বিশ্বমানের খেলোয়াড় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য লিগের প্রতিযোগিতা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান আরও সুসংহত করা।
রাফিনহাকে ঘিরে সৌদি ক্লাবগুলোর আগ্রহ নতুন নয়। এর আগেও তারা প্রায় ৯ কোটি ইউরোর কাছাকাছি একটি প্রস্তাব বার্সেলোনাকে দিয়েছিল এবং খেলোয়াড়ের জন্যও বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ছিল। তবে সে সময় তিনি বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের মে মাসে রাফিনহা বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেন, যার ফলে তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন। এর আগে আল নাসরের তৎকালীন কোচ জর্জ জেসুসও তাকে দলে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
সাম্প্রতিক সময়ে সৌদি ক্লাবগুলোর আগ্রহ আবারও বেড়েছে। তাদের তিনটি শীর্ষ ক্লাব রাফিনহার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগামী গ্রীষ্মে বড় প্রস্তাব নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি।
অন্যদিকে বার্সেলোনার অবস্থানও পরিষ্কার তারা রাফিনহাকে ছাড়তে আগ্রহী নয়। বরং দলটি আক্রমণভাগ শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে।
চলতি মৌসুমে চোট সমস্যার মধ্যেও রাফিনহা দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩১ ম্যাচে ১৯টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল। হান্সি ফ্লিকের দলের আক্রমণভাগে তিনি এখন গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: