[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কেন বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পেলেন না দিবালা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৬ ২০:০৫ পিএম

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন পাওলো দিবালা। ফাইনালে টাইব্রেকারে গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন তিনি। তবে সেই বিশ্বকাপে দিবালার মাঠে থাকার সময় ছিল মাত্র ১৭ মিনিট। এরপরও বিশ্বকাপজয়ী দলের অংশ হওয়াটাই ছিল তার বড় অর্জন।

কিন্তু ২০২৬ বিশ্বকাপের পথে সেই সুযোগটুকুও আর মিলছে না দিবালার। আর্জেন্টিনার ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলেই জায়গা হয়নি এই তারকার। বিষয়টি ভক্তদের হতাশ করলেও একেবারে অপ্রত্যাশিত নয়।

৩২ বছর বয়সি এই ফুটবলারের প্রতিভা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। তবে দীর্ঘদিন ধরেই চোট এবং ফিটনেস সমস্যা তাকে ভুগিয়েছে। পেশির চোটের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ আর্জেন্টিনার জার্সিতে খেলেন দিবালা। এরপর এক বছরের বেশি সময় তাকে জাতীয় দলে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি।

সম্প্রতি চোট কাটিয়ে রোমায় ফিরেছেন দিবালা এবং পুরো ৯০ মিনিটও খেলেছেন। তবে সেটি স্ক্যালোনির আস্থা ফেরানোর জন্য যথেষ্ট হয়নি। এর আগে ২০২৪ কোপা আমেরিকার দলেও জায়গা পাননি তিনি।

দিবালার বাদ পড়ার পেছনে কেবল ফিটনেস নয়, কৌশলগত কারণও রয়েছে। স্ক্যালোনির দলে এখন গতিময় প্রেসিং, দ্রুত আক্রমণ এবং ডিফেন্সিভ ওয়ার্করেটকে বেশি গুরুত্ব দেয়া হয়। সৃষ্টিশীল হলেও অফ–দ্য–বলে দিবালার কার্যকারিতা তুলনামূলক কম। পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগে এখন তরুণ ও গতিময় খেলোয়াড়ের অভাব নেই।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৪০ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন দিবালা। তাই অনেকের মনেই এখন প্রশ্ন—আর্জেন্টিনার জার্সিতে তার অধ্যায় কি তবে শেষ হয়েই গেল?

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর