[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিস উডকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে ২০২৬ ২০:০৫ পিএম

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বমঞ্চে নিউজিল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ড্যারেন বেজলি। প্রিমিয়ার লিগে চোটের কারণে কঠিন সময় পার করলেও দলের নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডের কাঁধে।

এই স্কোয়াডে উড ছাড়াও বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। এর মাধ্যমে উড ও স্মিথ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রথম পুরুষ ফুটবলার, যারা দুটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালের বিশ্বকাপেও তারা দলের সদস্য ছিলেন।

অধিনায়ক হিসেবে নটিংহ্যাম ফরেস্ট তারকা উড এখন স্টিভ সামনার (১৯৮২) এবং রায়ান নেলসনের (২০১০) মতো কিংবদন্তি কিউই অধিনায়কদের কাতারে জায়গা করে নিলেন।

অকল্যান্ডে দল ঘোষণা করার সময় কোচ ড্যারেন বেজলি তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, গত ১৫ মাসে ৪০ জন এবং গত কয়েক বছরে মোট ৫৫ জন ফুটবলারকে পরখ করার পর এই সেরা ২৬ জনকে বেছে নেওয়া ছিল এক কঠিন চ্যালেঞ্জ।

কোচ বেজলি বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে দলের নাম ঘোষণা করাটা অনেক বড় সম্মানের। গত কয়েক বছর ধরে আমরা প্রায় ৫৫ জন খেলোয়াড়ের ওপর নজর রেখেছিলাম। প্রতিপক্ষকে সামলাতে আমরা সেরা দলটাই বেছে নিয়েছি। এখন সময় মাঠে ইতিহাস গড়ার।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড এবার গ্রুপ ‘জি’-তে লড়বে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী বেলজিয়াম (৯ম), ইরান (২০তম) এবং মিশর (২৯তম)। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা।

স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের প্রতিও আস্থা দেখিয়েছেন কোচ। মাত্র দুই মাস আগে অভিষেক হওয়া নিউক্যাসল মিডফিল্ডার লাচলান বেলিস জায়গা করে নিয়েছেন মূল স্কোয়াডে। এছাড়া অকল্যান্ড এফসির গোলকিপার মাইকেল উড ডাক পেয়েছেন ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর