[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ল ইরান ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে ২০২৬ ২৩:০৫ পিএম

বিশ্বকাপ সামনে রেখে ইরান ছেড়েছে জাতীয় ফুটবল দল। তুরস্কে সপ্তাহখানেকের ক্যাম্প শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রওনা দিবে ইরান দল। এর আগে জমকাল আয়োজনে জাতীয় দলকে বিদায় জানানো হয় তেহরান থেকে। যেখানে আমেরিকা বিরোধী স্লোগানে মুখর হয় ইরানের প্রাণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবলার, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার নিশ্চয়তা চেয়েছে দেশটি।

ফুটবল, রাজনীতি আর জাতীয়তাবাদের এক ভিন্ন আবহ ফুটে উঠেছে ইরানের রাজধানী তেহরানে। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল দলকে বিদায় জানাতে রাস্তায় নেমে আসে হাজারো সমর্থক। যে আয়োজন শুধু ফুটবলে সীমাবদ্ধ ছিল না। স্টেডিয়াম ছাপিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোনা গেছে রাজনৈতিক স্লোগানও।

ইরানের জাতীয় ফুটবল দলকে বিদায় জানাতে রাজধানীর এঙ্গেলাব স্কয়ারে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মঞ্চজুড়ে ছিল ঐতিহ্যবাহী ইরানি ক্রীড়া প্রদর্শনী, ঢাকের তালে পরিবেশনা আর জাতীয় পতাকার রঙে সাজানো আলোকসজ্জা।

অনুষ্ঠানে যোগ দেন জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। মঞ্চে ওঠার সময় করতালি আর মোবাইল ক্যামেরার ঝলকে তাদের স্বাগত জানান সমর্থকেরা। এক পর্যায়ে পুরো স্টেডিয়াম গেয়ে ওঠে ইরানের জাতীয় সংগীত। সমর্থকদের কণ্ঠে তখন ‘ইরান, ইরান’ ধ্বনি। অনেকে উপস্থিত হয়েছেন জাতীয় পতাকা ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ছবি হাতে।

তবে উৎসবের মাঝেও রাজনৈতিক উত্তাপ ছিল স্পষ্ট। অনুষ্ঠানে উপস্থিত কিছু সমর্থক যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও অস্থিরতা চলমানই আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এর মধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে যেতে হবে ইরানকে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আয়োজক দেশগুলোর বিবেচনায় নেয়া উচিত।

বিশ্বকাপের আগে আগামী সপ্তাহে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে ইরান। সেখান থেকে দল উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। গ্রুপ জি-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম. নিউজিল্যান্ড ও মিশর। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরানিরা।

চারবার টানা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও এখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি ইরান। তবে এশিয়ান বাছাইয়ে মাত্র একটি ম্যাচ হারে ২১ নম্বরে থাকা দলটি। তাই রাজনৈতিক উত্তেজনার মাঝেও ফুটবলপ্রেমীদের আশা এই বিশ্বকাপে নতুন ইতিহাস লিখবে ইরান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর