[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এক ম্যাচ আগেই লিগ শিরোপা জিতল কিংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১৯:০৫ পিএম

হাতে ফুটবল লিগের এক ম্যাচ বাকি। তার আগেই শিরোপা নিশ্চিত করল কিংস। শুক্রবার কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়মে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ষষ্ঠবারের মতো বাংলাদেশ ফুটবল লিগ শিরোপা নিশ্চিত করেছে কিংস। ফুটবল লিগের ছয়টি শিরোপা জিতে আবাহনীর সমান্তরালে এসে দাঁড়াল তারা।

ম্যাচটি কার্যত ছিল শিরোপা নির্ধারণী ফাইনাল। ম্যাচের আগে সমীকরণ ছিল সহজ, জিতলেই চ্যাম্পিয়ন কিংস, আর আবাহনী জিতলে বেঁচে থাকত তাদের আশা। সেই চাপের ম্যাচে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় তুলে নেয় কিংস।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় কিংস। ৭২ মিনিটে বক্সে ফাহিম ঢুকে পড়লে তাঁকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাঁ দিকের টপ কর্নার দিয়ে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ডরিয়েলটন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগের ১৮তম গোলে শিরোপার সুবাস পেতে থাকলো পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। ৭৬ মিনিটে ব্রুনো মাতোসের শট ধরে ফেলেন শ্রাবন। পরের মিনিটে শিরোপা নিশ্চিত করা গোলটি করলেন কিংসের সোহেলে রানা। ছোট সোহেলের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সিনিয়র সোহেল।

সবশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আবাহনী। এরপর আরও চারবার রানার্সআপ হলেও শিরোপা জেতা দূরের স্বপ্নই রয়ে গেলো আকাশি-নীলদের জন্য। আর ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকেই ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছে কিংস। টানা পাঁচবার লিগ জিতে তারা গড়েছিল নতুন রেকর্ড। তবে গত মৌসুমে সেই আধিপত্যে ছেদ ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো শিরোপা জেতে। এবার সেই ট্রফি উদ্ধার করল কিংস।

১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে, আবাহনীর জন্য এটি আরেকটি হতাশার মৌসুম হয়ে থাকল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। ফেডারেশন কাপ থেকে আগেই বিদায় নেওয়ার পর লিগ শিরোপাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে সেই স্বপ্নও ভেঙে গেছে আকাশি-নীলদের।

লিগে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। আরামবাগের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে পুলিশ এফসি। আর পিডব্লিউডির বিপক্ষে ১-০ গোলে হেরে অবনমিত হয়ে গেলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। একদম তলানিতে থাকা দলটির সংগ্রহ ১০ পয়েণ্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর