বিশ্বকাপের আগে গোল-অ্যাসিস্ট করেই চলেছেন মেসি
বিশ্বকাপের আগে ফর্মের তুঙ্গে লিওনেল মেসি। সোমবার (১৮ মে) এমএলএসে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ইন্টার মায়ামির ২-০ গোলের জয়েও নায়ক এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির গোল ও অ্যাসিস্টে নু স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে আরেকটি গোল করেন হেরমান বেরতেরামে। ২৬ হাজার আসনের নতুন স্টেডিয়ামে মৌসুমের শুরুটা হতাশাজনক হলেও অবশেষে জয় পেল দলটি। ২০২৬ এমএলএস মৌসুমে ঘরের মাঠে আগের চার ম্যাচে তিনটি ড্র ও একটিতে হেরেছিল হেরনরা।
ম্যাচের ৩১তম মিনিটে চলতি এমএলএস মৌসুমে নিজের ১৩তম গোলটি করেন মেসি। লুইস সুয়ারেজ আক্রমণের সূচনা করেন, তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণ সমন্বয় গড়ে বল বাড়ান মেসির কাছে। এরপর বক্সের ভেতর থেকে শান্তভাবে গোলরক্ষক জেমস প্যান্টেমিসকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার মায়ামি। এবার নিজের ড্রিবলিং দক্ষতা দেখিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে এসে বারতেরামেকে নিখুঁত পাস দেন মেসি, যা থেকে বাঁ দিকের পোস্ট ঘেঁষে গোল করেন তিনি।
ম্যাচের প্রথম বড় সুযোগটি অবশ্য তৈরি করেছিল পোর্টল্যান্ড। ১১তম মিনিটে দূরপাল্লার শটে কোল বাসেত গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ইন্টার মায়ামির গোলরক্ষক ড্যান সেন্ট ক্লায়ার দারুণ এক সেভ করে দলকে রক্ষা করেন।
মাঠের বাইরেও ছিল উত্তেজনা। ইন্টার মায়ামির সমর্থকগোষ্ঠী 'লা ফামিলিয়া' ম্যাচের বেশিরভাগ সময় নীরব প্রতিবাদ পালন করে। নতুন স্টেডিয়ামের পরিবেশে খেলোয়াড়দের পক্ষ থেকে যথেষ্ট স্বীকৃতি না পাওয়ার হতাশা থেকেই এই প্রতিবাদ হয়েছে বলে জানা যায়। তবে ম্যাচের শেষ দিকে তারা আবারও গানে-স্লোগানে স্টেডিয়াম মুখর করে তোলে।
২০২৩ সালে ফিল নেভিল ইন্টার মায়ামির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর এটি ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। বর্তমানে তিনি পোর্টল্যান্ড টিম্বার্সের কোচ। মেসির এমএলএসে আগমনের পর ক্লাবে বড় পরিবর্তন আসবে বলে আগেই মন্তব্য করেছিলেন নেভিল।
এদিকে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে যে ফরোয়ার্ড তাদেও আলেন্দে ডান হাঁটুতে সফল আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করিয়েছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানানো হয়নি, যা চলমান এমএলএস অভিযানে দলটির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: