[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২৩ বছরের সম্পর্ক শেষ, রিয়াল ছাড়ছেন কারভাহাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মে ২০২৬ ২০:০৫ পিএম

দীর্ঘ ২৩ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহাল। স্প্যানিশ এই ডিফেন্ডার চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। খবর এএস স্পোর্টসের।

২০০২ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেয়া কারভাহাল পরবর্তীতে ১৩ মৌসুম ধরে মূল দলে খেলেছেন। এই সময়ে নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের ক্লাব ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।’

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের চলতি মৌসুমটা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২২ ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ইউরো ২০২৪ ও নেশনস লিগ জয়ের স্বাদ পাওয়া কারভাহাল ক্যারিয়ারের শেষ দিকে স্পেনের বাইরে নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী বলেও জানা গেছে।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিদায়ী এই অধিনায়ককে ক্লাবের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, ‘দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ও আমাদের একাডেমির প্রতীক। আলফ্রেদো দি স্টেফানোর সঙ্গে সিউদাদ রিয়াল মাদ্রিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তটি সব মাদ্রিদ সমর্থকের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘কারভাহাল সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধকে ধারণ করেছে। এই ক্লাব সবসময়ই তার ঘর ছিল এবং থাকবে।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে কারভাহালের অর্জনের তালিকাও ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে মোট ২৭টি শিরোপা জিতেছেন তিনি। ইতিহাসের মাত্র পাঁচজন ফুটবলারের একজন হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ জয়ের কীর্তি গড়েছেন এই ডিফেন্ডার। ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ম্যাচসেরাও হন তিনি।

এছাড়া তার ঝুলিতে রয়েছে ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং চারটি স্প্যানিশ সুপার কাপ। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশেও জায়গা করে নেন তিনি।

শনিবার মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামবেন কারভাহাল। রিয়ালের জার্সিতে ৪৫০ ম্যাচ ও ১৪ গোলের স্মরণীয় অধ্যায়ের পর ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর