[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যে বার্তা দিলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:০৫ এএম

নানা দোলাচলে থাকার পর বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে নিজের নাম দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার জুনিয়র। দীর্ঘদিনের ইনজুরি ও কঠিন পুনর্বাসন পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মুহূর্তে কেঁদে ফেলেন এই তারকা ফরোয়ার্ড। খবর গোল ডটকমের।

ইনস্টাগ্রামে নিজের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন নেইমার, যেখানে তাকে দেখা যায় তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে কান্নায় ভেঙে পড়তে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনের একটি মুহূর্ত ইউটিউব চ্যানেলে আছে। ধন্যবাদ ব্রাজিল।’

২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই কঠিন সময় পেরিয়ে এবার তিনি ফিরে এসেছেন নিজের চতুর্থ বিশ্বকাপ মঞ্চে। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

দলে নেইমারকে অন্তর্ভুক্ত করা নিয়ে সমালোচনার মুখে পড়লেও কোচ কার্লো আনচেলত্তি তার সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি বলেন, ‘তার (নেইমার) ফিটনেস উন্নতি করেছে। সে এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ।’

আনচেলত্তি আরও বলেন, ‘আমরা নেইমারকে শুধু বদলি হিসেবে ভাবছি না। সে এক মিনিট খেলুক, পাঁচ মিনিট বা পুরো ম্যাচ; সব অবস্থাতেই সে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর