কিংসের ট্রেবল জয়
নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ট্রেবল জিতেই মৌসুম শেষ করল এক মৌসুমে তিন শিরোপা জয় বসুন্ধরা কিংসের।
বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপও জিতে নিয়েছে তারা। এরফলে মৌসুমে ট্রেবল জিতল কর্পোরেট এই দলটি। ২০১৮ সালে প্রিমিয়ার লিগ ফুটবলে আসার পর এ নিয়ে দ্বিতীয়বার ট্রেবল জিতল তারা। এর আগে ২০২৩-২৪ মৌসুমে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতেছিল অলরেডরা। বুধবার কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের হ্যাটট্রিকের সুবাদে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় কিংস।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন দুই দলই। কিন্তু ফায়দা শুরুতেই তুলে দেন মোহামেডান। ম্যাচের মাত্র চার মিনিটে ফ্রিকিক থেকে মোজাফফরভ শট করে সরাসরি গোল করলে উল্লাসে মেতে উঠে সাদা কালো গ্যালারি (১-০)। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো লাফিয়ে উঠে গোল উদযাপন করেন তিনি। মিনিট দুয়েক পর মোহামেডানের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর অবৈধভাবে বাধায় বক্সে পড়ে যান স্যামুয়েল। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কিংসের ব্রাজিলিয়ান স্টার ডরিয়েলটন গোমেজ (১-১)। ৩৫ মিনিটে সৌরভ দেওয়ান গোল করেন জাহিদ শান্তর ক্রসে বাড়িয়ে দেওয়া বলে (২-১)। তবে মোজাফফরভ পেনাল্টি মিস না করলে হয়তো মোহামেডানের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩-১ হতে পারত। ২২ মিনিটে আরিফের বাড়ানো বলের নাগাল নিতে যাওয়া সাইফুলকে নিজেদের পেনাল্টি এরিয়ায় ফেলে দেন কিংসের অধিনায়ক তপু। রেফারির বাশি বাজার পর পেনাল্টি নিতে আসা মোজাফফরভকে ডানদিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। পেনাল্টি মিসের পর হতাশায় না ডুবে হাই-প্রেসিং ফুটবলে কিংসকে আরও চেপে ধরে মোহামেডান।
কিন্তু তাতে কোন কাজ হয়নি। উল্টো গোল হজম করেছে তারা। ম্যাচের ৫০ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুরপাল্লার এক শটে ফের সমতায় ফেরান ডরিয়েলটন গোমেজ (২-২)। ৮০ মিনিটে ঘানার ডিফেন্ডার এলি কেকে’র নির্বুদ্ধিতার কারণে ডরিয়েলটনের বাড়নো বল গড়িয়ে গড়িয়ে জলে প্রবেশ করে। ইচ্ছে করলে শুয়ে পড়ে সেই বল রুখতে পারতেন কেকে (৩-২)। সেই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডরিয়েলটন গোজেম।
এক নজরে ফেডারেশন কাপ ২০২৫-২৬
চ্যাম্পিয়ন- বসুন্ধরা কিংস
রানার্সআপ- মোহামেডান
ফাইনাল সেরা- ডরিয়েলটন গোমেজ (বসুন্ধরা কিংস)
টুর্নামেন্ট সেরা- ডরিয়েলটন গোমেজ (বসুন্ধরা কিংস)
সর্বাধিক গোলদাতা- ডরিয়েলটন গোমেজ (বসুন্ধরা কিংস-১২ গোল)
ফেয়ার প্লে ট্রফি- বসুন্ধরা কিংস
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: