অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন জার্মান কিংবদন্তি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই বছর পর আবারও জার্মানির জাতীয় দলে ফিরতে যাচ্ছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
সবকিছু ঠিক থাকলে আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে থাকতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ তারকা। প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান বৃহস্পতিবার (২১ মে) বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন, যেখানে নয়ারের অন্তর্ভুক্তিই এখন সবচেয়ে বড় চমক।
২০২৪ ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নয়ার। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত বদলে আবারও জার্মানির গোলপোস্ট সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবারের বিশ্বকাপে মাঠে নামলেই এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। একই সঙ্গে জার্মানির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন তিনি। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে লোথার ম্যাথাউসের দখলে, যিনি ২০০০ সালের ইউরোতে ৩৯ বছর বয়সে খেলেছিলেন।
জার্মানির হয়ে রেকর্ড ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই গোলরক্ষক এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। যার মধ্যে ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও জাতীয় দলে ফেরার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন নয়ার। এতদিন কোচ নাগেলসমানও হফেনহাইমের গোলরক্ষক অলিভার বাউমানকে দলের এক নম্বর চয়েস হিসেবে প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছেন। নয়ারের অবসরের পর বাউমান নিজেকে দারুণভাবে প্রমাণও করেছিলেন। তবে নয়ারের আকস্মিক প্রত্যাবর্তনে পরিস্থিতি পুরোপুরি বদলে যাচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম 'বিল্ড'-এর প্রতিবেদন অনুযায়ী, নয়ার ফিরলে বাউমানকে বিশ্বকাপের মূল একাদশ ছেড়ে ডাগআউটে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে বসতে হবে। এছাড়া নাগেলসমান যদি স্কোয়াডে প্রথাগত তিনজন গোলরক্ষক রাখেন, তবে স্টুটগার্টের আলেক্সান্ডার নুবেল কিংবা বায়ার্নের জোনাস উরবিগের মধ্যে যেকোনো একজনকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হতে পারে।
বয়স ৪০ ছুঁইছুঁই হলেও বায়ার্ন মিউনিখের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমটি দুর্দান্ত কাটিয়েছেন নয়ার। ক্লাবের সাথে এক বছরের নতুন চুক্তি করার পাশাপাশি জিতেছেন বুন্দেসলিগার শিরোপা। এছাড়া বায়ার্নকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা ছিল তার।
নয়ারের ফেরার খবরটি ফুটবল বিশ্বে বড় আলোড়ন তৈরি করলেও জার্মানির ফুটবল ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, নকআউট পর্ব বা বড় মঞ্চের চাপ সামলাতে নয়ারের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য মহৌষধ হতে পারে। তবে সমালোচকদের চোখ তার সাম্প্রতিক চোটের ইতিহাসের দিকে। বিশ্বকাপের মতো দীর্ঘ ও ঠাসা সূচির টুর্নামেন্টে ৪০ বছর বয়সে তিনি কতটা ফিটনেস ধরে রাখতে পারবেন, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এছাড়া 'বিল্ড'-এর এক জরিপে দেখা গেছে, সমর্থকদের একটি বড় অংশ বাউমানকে সরিয়ে নয়ারকে একাদশে নেয়ার সিদ্ধান্তের বিপক্ষে।
আগামী জুনে হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। 'গ্রুপ অব ডেথ' না হলেও গ্রুপ পর্বে তাদের লড়তে হবে আইভরি কোস্ট ও ইকুয়েডরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনিতেই কোচ নাগেলসমানের জন্য এই বিশ্বকাপ একটি অগ্নিপরীক্ষা, তার ওপর নয়ারের অবসর ভেঙে ফেরার এই সিদ্ধান্ত টুর্নামেন্ট শুরুর আগেই জার্মান শিবিরে যোগ করল নতুন এক নাটকীয়তা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: