[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড থেকে ভারত যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে ২০২৬ ১৭:০৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় পৌঁছাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হ্যাটট্রিক শিরোপায় চোখ ফুটবলারদের। থাইল্যান্ডের তীব্র গরমে ম্যাচ খেলায়, গোয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে বলে জানান ঋতুপর্ণা চাকমা।

ভারতের গোয়ায় আগামী ২৫ মে মাঠে গড়াচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ২৮ মে মালদ্বীপ ও ৩১ মে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে শক্তিশালী ভারত। ২০২২ ও ২০২৪ সালে নেপাল থেকে ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বীরের বেশে ফিরেছিল জয়িতারা। হিমালয় জয় করা ঋতুপর্ণাদের মিশন এবার ভারতের গোয়া। আসর সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে তিন গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন ফুটবলাররা।

এ সময় পজিশনাল অ্যাওয়ারনেস, ট্যাকটিকাল ও টেকনিকাল দিকগুলোতে শৃঙ্খলার ওপর জোর দেন কোচ পিটার বাটলার। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। সে ম্যাচের পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ। ব্যাংককের তীব্র গরমে নেয়া প্রস্তুতি গোয়ার মাঠে কাজে লাগবে বলে মনে করেন ঋতুপর্ণা। হ্যাটট্রিক শিরোপায় চোখ তার। দেশের দর্শকদের সমর্থন চেয়েছেন ঋতু।

বাংলাদেশ দলের এ ফরোয়ার্ড বলেন, ‘এখানে অনেক তীব্র তাপে ও রোদেও আমরা অনুশীলন করেছি। আমরা খেলোয়াড়রা সবাই প্রস্তুত। আমরা আমাদের সাফে সেরাটা দেয়ার চেষ্টা করব। লক্ষ্য থাকবে, শিরোপাটা ধরে রাখার। আমরা এখানে দুই সপ্তাহ অনুশীলন করেছি। শারীরিক এবং মানসিকভাবে আমরা প্রস্তুত।’

সাফ চ্যাম্পিয়নশিপের আগে ব্যয়বহুল হলেও, এ ক্যাম্প আয়োজন করা বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিটার বাটলার। এ প্রস্তুতি আসরে কাজআসবে বলে মনে করেন তিনি।

পিটার বাটলার বলেন, ‘ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডের সুযোগ সুবিধা বেশ ভালো। ব্যায়বহুল হলেও ফেডারেশন মেয়েদের জন্য এমন ব্যবস্থা করায় খুব ভালো হয়েছে। প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তবে, এই মেয়েরা অভিজ্ঞ । ওরা জানে কিভাবে প্রতিবন্ধকতা জয় করে শিরোপা জিততে হয়। আমি থাকি বা না থাকি, আমি এমন একটা দল তৈরি করে দিয়ে যেতে চাই, যারা ভবিষ্যতে বাংলাদেশকে আরো শক্ত অবস্থায় নিয়ে যাবে। দুটি প্রস্তুতি ম্যাচ এখানে খেলেছে ওরা। সেগুলোতে আমাদের মেয়েরা বেশ ভালো করেছে।’

ভারতে পৌঁছে ২২ মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর