এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্স
মেয়েদের ফুটবলে আরেকটি খুশীর খবর। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে যাচ্ছে। রাজশাহী স্টার্সের অংশগ্রহণ দেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি দরজা খুলে দিচ্ছে।
দক্ষিণ এশিয়ায় টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জাতীয় দলের অনেক খেলোয়াড় এতদিন এএফসির ক্লাব প্রতিযোগিতায় খেলতে বাধ্য হতেন বিদেশি ক্লাবের হয়ে। এবার সেই বাস্তবতায় পরিবর্তন আসছে। ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমাসহ জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে গড়া রাজশাহী স্টার্স বাংলাদেশ নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
১৯ মে ছিল ক্লাব নিবন্ধনের শেষ দিন। ওই দিনই রাজশাহী স্টার্স আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়। এএফসি অনুমোদন দিলে বাংলাদেশ প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। প্রথমদিকে ক্লাবটি আর্থিক ও আয়োজনসংক্রান্ত বিভিন্ন কারণে অংশগ্রহণে অনীহা দেখালেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।
নারীদের এএফসি ক্লাব প্রতিযোগিতায় পুরুষদের মতো বিকল্প দল অংশ নেওয়ার সুযোগ না থাকায় শেষ পর্যন্ত রাজশাহী স্টার্সই দেশের প্রতিনিধিত্ব করতে সম্মত হয়। ক্লাব সভাপতি মোখছেদুল কামাল বাবু জানিয়েছেন, তারা বাংলাদেশেই ম্যাচ আয়োজন করতে আগ্রহী এবং এ বিষয়ে বাফুফের সহযোগিতা চেয়েছেন। চলতি বছরের আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: