সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, দুঃস্বপ্ন ভুলে ফিরলেন মানে
২০২৬ বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সেনেগাল। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সাদিও মানে। সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ তারকা ২০২২ কাতার বিশ্বকাপের দলেও ছিলেন। তবে হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। এবার পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপে ফেরার অপেক্ষায় রয়েছেন সেনেগালের অন্যতম সেরা এই ফুটবলার। খবর বিবিসির।
চলতি বছরের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালেও আলোচনায় ছিলেন মানে। মরক্কোর পক্ষে যোগ করা সময়ে পেনাল্টি দেয়ার প্রতিবাদে সেনেগালের কয়েকজন ফুটবলার মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও মানে সতীর্থদের ফিরে এসে ম্যাচ শেষ করতে উৎসাহ দেন। অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে ম্যাচ জেতে সেনেগাল। যদিও পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড বিতর্কিত সেই ঘটনার পর মরক্কোকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে।
বিশ্বকাপে মানের সঙ্গে আক্রমণভাগে থাকবেন নিকোলাস জ্যাকসন, লিমান দিয়ায়ে এবং ইসলাইলা সার। দলের কোচ পাপে থিয়াও মিডফিল্ডে রেখেছেন অভিজ্ঞ ইদ্রিসা গুয়ে, হাবিব দিয়ারা এবং পাপে মাতার সারকে।
তবে চূড়ান্ত দল ঘোষণার আগে কোচ থিয়াওকে আরও দুইজন ফুটবলার বাদ দিতে হবে। ফিফার নির্ধারিত সময় অনুযায়ী ২ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।
১৬ জুন নিউ জার্সিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সেনেগাল তাদের অভিযান শুরু করবে। এরপর ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।
সেনেগালের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক:
এদুয়ার মেনদি, ইয়েভান দিয়ুফ, মোরি দিয়াও
রক্ষণভাগ:
ক্রেপিন দিয়াত্তা, আন্তোয়ান মেনদি, আব্দুলাই সেক, কালিদু কুলিবালি, ইলাই কামারা, মুসা নিয়াখাতে, মামাদু সার, এল-হাদজি মালিক দিয়ুফ, মুস্তাফা এমবো, ইসমাইল জ্যাকবস
মিডফিল্ডার:
ইদ্রিসা গেই, হাবিব দিয়ারা, পাপে মাতার সার, পাপে গেই, লামিন কামারা, পাথে সিস, বারা এনদিয়ায়ে
আক্রমণভাগ:
সাদিও মানে, বাম্বা দিয়েং, ইলিমান এনদিয়ায়ে, নিকোলাস জ্যাকসন, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, শেরিফ এনদিয়ায়ে, ইসমাইলা সার
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: