[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইবোলা ভাইরাসের কারণে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করল ডিআর কঙ্গো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে ২০২৬ ২৩:০৫ পিএম

ইবোলা প্রাদুর্ভাবের কারণে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ফুটবল দল। দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ কিভু প্রদেশে নতুন একটি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এটি এখনও মহামারির পর্যায়ে পৌঁছায়নি।

দলটির এক মুখপাত্র জানিয়েছেন, কিনশাসায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ক্যাম্পটি এখন বেলজিয়ামে সরিয়ে নেয়া হয়েছে। এটি ১৯৭৪ সালের পর দেশটির প্রথম বিশ্বকাপের প্রস্তুতির অংশ ছিল।

দেশটির ফুটবল কর্তৃপক্ষের প্রতিনিধি জেরি কালেমো জানান, ইউরোপে নির্ধারিত প্রস্তুতি ম্যাচগুলো আগের মতোই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন ডেনমার্কের বিপক্ষে বেলজিয়ামে এবং ৯ জুন চিলির বিপক্ষে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে দলটি।

তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে গিয়ে নতুন করে ভিসা ও ভ্রমণ জটিলতার মুখেও পড়েছে দলটি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা ইবোলা ঝুঁকির কারণে গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে দলের খেলোয়াড়রা সবাই বিদেশে অবস্থান করায় এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ছে না। তবে কঙ্গোতে থাকা কিছু স্টাফ ইতিমধ্যে দেশ ছেড়েছেন।

বিশ্বকাপ আয়োজনকারী দেশ যুক্তরাষ্ট্রের নীতিমালার কারণে দলের প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে বলে রিউটার্সকে জানিয়েছে একটি সূত্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা ইবোলা পরিস্থিতির কারণে নির্দিষ্ট কয়েকটি আফ্রিকান দেশ থেকে আসা ভ্রমণকারীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর