[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসি-নেইমার-রোনালদো: যেভাবে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে তিন তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মে ২০২৬ ১৯:০৫ পিএম

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ ঘিরে উত্তেজনা এখনই তুঙ্গে। দলগুলো ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে আবারও ফিরে এসেছে চিরচেনা নামগুলো- লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সমর্থকদের প্রত্যাশা, ইতিহাসের এই তিন মহাতারকা হয়তো এবারও একে অন্যের বিপক্ষে মাঠে নামতে পারেন নকআউট পর্বে।

বিশ্বকাপে এবারও ফেবারিটদের তালিকায় রয়েছে কয়েকটি শক্তিশালী দল। ফ্রান্স ও স্পেনের মতো তারকাসমৃদ্ধ দলগুলো যেমন আলোচনায় আছে, তেমনি পুনর্গঠনের পথে থাকা ব্রাজিল এবং দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড ফুটবল দলও রয়েছে দৌড়ে। ফলে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে লড়াই যে আরও কঠিন ও অনিশ্চিত হবে, তা নিয়েই এখন চলছে নানা বিশ্লেষণ।

তবে নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল একে অন্যের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। অর্থাৎ, মেসি, নেইমার ও রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই দেখা যাবে কেবল নকআউট পর্বেই। এতে করে ফুটবলপ্রেমীদের অপেক্ষা আরও বাড়ছে।

তবে ‘বোলাভিপ’ প্রতিবেদনে বলা হয়েছে, নিজ নিজ গ্রুপে কেমন পারফরম্যান্স করে দলগুলো শেষ ষোলোতে ওঠে, তার ওপর নির্ভর করবে নকআউটের সমীকরণ। ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল এই তিন দলের অবস্থান এবং গ্রুপ পর্বের ফলাফলই ঠিক করে দেবে তারা কত দূর এগোতে পারবে এবং শেষ পর্যন্ত একে অন্যের সামনে পড়বে কি না।

গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, ব্রাজিল রয়েছে ‘গ্রুপ সি’ তে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আর্জেন্টিনা আছে ‘গ্রুপ জে’ তে যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর পর্তুগাল খেলছে ‘গ্রুপ কে’ তে, যেখানে তাদের প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

এই গ্রুপ বিন্যাস অনুযায়ী নকআউটের ব্র্যাকেট ঠিক হলে সম্ভাব্য সমীকরণে দেখা যেতে পারে মেসি ও নেইমারের মুখোমুখি লড়াই সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে। একইভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের সম্ভাব্য দেখা হওয়ার সুযোগও রয়েছে টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে।

সবচেয়ে আলোচিত সম্ভাবনা অবশ্য মেসি বনাম রোনালদো দ্বৈরথ। বিশ্লেষণ অনুযায়ী, পরিস্থিতি অনুকূলে থাকলে এই দুই কিংবদন্তির দেখা হতে পারে শেষ ষোলোর মঞ্চেই। আবার গ্রুপ পারফরম্যান্সের ভিন্ন সমীকরণ তৈরি হলে তাদের লড়াই গড়াতে পারে কোয়ার্টার ফাইনাল বা তারও পরের ধাপে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপকে ঘিরে ফুটবলবিশ্বে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার বড় অংশজুড়েই রয়েছে এই তিন মহাতারকার সম্ভাব্য মুখোমুখি হওয়ার অপেক্ষা। নকআউটের প্রতিটি ধাপ তাই হয়ে উঠতে পারে নতুন ইতিহাস লেখার মঞ্চ যেখানে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকবেন মেসি, নেইমার ও রোনালদোর সম্ভাব্য সেই মহারণ দেখার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর