প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নামল আরামবাগ
ঘরোয়া ফুটবল লিগে শিরোপা নিষ্পত্তি হয়েছে আগের রাউন্ডে। আজ (শনিবার) শেষ রাউন্ডে রেলিগেশন এড়ানোর লড়াই ছিল। পরাজিত হয়ে আরামবাগ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে নেমেছে। বাইলজ অনুযায়ী লিগ টেবিলের সর্বনিম্ন দুই দল রেলিগেটেড হবে।
ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে খেলতে হলে আরামবাগকে জিততেই হতো। পাশাপাশি পিডব্লিউডি ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হতো। আরামবাগ নিজেদের কাজই ঠিকমতো করতে পারেনি। ঢাকা আবাহনীর কাছে ৪-০ গোলে হেরেছে। এতে ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে তারা। দ্বিতীয় দল হিসেবে লিগ থেকে অবনমিত হলো। আগের রাউন্ডে ফকিরেরপুল ইয়ংমেন্স রেলিগেশনে পড়েছিল।
শেষ রাউন্ডে শিরোপা ও রেলিগেশন নিয়ে অনেক অঙ্ক থাকে। সেই জটিলতা এড়াতে পাঁচ ভেন্যুতে একই সময়ে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফেডারেশন কাপের ফাইনাল হারা ঢাকা মোহামেডান আজ লিগ শেষ করেছে দারুণভাবে। সৌরভ দেওয়ানের চার গোল ও মোজাফফরভের এক গোলে মোহামেডান ৫ গোলের ব্যবধানে জয় পায়। ব্রাদার্স ইউনিয়ন কোনো গোলই করতে পারেনি। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল। ব্রাদার্স ইউনিয়ন ১৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়িয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছে।
আসন্ন মৌসুমে এএফসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফর্টিজ এফসি। তারা ২-২ গোলে পিডব্লিউডির সঙ্গে লড়াই করে লিগ শেষ করল। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে দলটি। ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে খেলা শুরুর পর থেকে এটিই ফর্টিজের সর্বোচ্চ অবস্থান। আরেক ম্যাচে রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ গোলশূন্য ড্র করেছে।
বসুন্ধরা কিংস ৪-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে। ডরিয়েল্টন জোড়া গোল করেন। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কিংস। ঢাকা আবাহনী কিংসের চেয়ে ৪ পয়েন্ট দূরে থেকে এই আসর শেষ করেছে। ১০ পয়েন্টে ফকিরেরপুল ইয়ংমেন্স টেবিলে সবার তলানিতে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: