[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মে ২০২৬ ১৮:০৫ পিএম

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে অভিজ্ঞ স্ট্রাইকার ও ইউরো জয়ী অধিনায়ক আলভারো মোরাতার বাদ পড়া। মূলত বর্তমান মৌসুমের বাজে ফর্মের কারণেই তিনি স্কোয়াড থেকে ছিটকে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরো ২০২৪-এ স্পেনকে নেতৃত্ব দেয়া মোরাতার অনুপস্থিতি ফুটবল বিশ্বে বড় চমক হিসেবে এসেছে। কোচ দে লা ফুয়েন্তে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রাখতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। মোরাতার পাশাপাশি এবার জাতীয় দলের দীর্ঘদিনের নিয়মিত মুখ দানি কারভাহাল এবং জেসুস নাভাসকেও বিশ্বকাপের দলে রাখা হয়নি। হাড়ের চোটের কারণে গত সপ্তাহে অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার ফের্মিন লোপেজ অনুমিতভাবেই দল থেকে বাদ পড়েছেন।

স্পেন দলে ডাক পেলেও ইনজুরির কারণে স্প্যানিশ শিবিরের উদ্বেগ বাড়িয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। ইয়ামালকে স্কোয়াডে রাখা হলেও কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। মাঝমাঠে অবশ্য যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি (রদ্রিগো হার্নান্দেজ), গাভি এবং পেদ্রি।

এক নজরে স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড-
গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।
মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।

আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। 'এইচ' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে। অভিজ্ঞ নেতৃত্ব ছাড়াই তরুণ এই দলটি বিশ্বকাপে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর