[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানকে বেসক্যাম্প দিতে প্রস্তুত মেক্সিকো, মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ০৮:০৫ এএম

ইরানকে বিশ্বকাপে বেসক্যাম্পের জায়গা দিতে আপত্তি নেই মেক্সিকোর, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাম। ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রেক্ষিতে এ বিষয়ে মেক্সিকোর সহযোগিতা চেয়েছিল ফিফা। তিয়ুনার বেসক্যাম্প থেকে ইরানের ম্যাচ ভেন্যুর দূরত্ব আকাশপথে মাত্র ৫৫ মিনিট।

ইরানের বিশ্বকাপ প্রস্তুতি ঘিরে নাটকীয়তায় যুক্ত হলো নতুন অধ্যায়। গ্রুপপর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও দেশটিতে টিম মেলির বেসক্যাম্প নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ইরান যুক্তরাষ্ট্রে অবস্থান করতে অনাগ্রহী, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের বেসক্যাম্পের অনুমতি দিতে নারাজ।

এই অনিশ্চয়তা কাটাতে ফিফা দ্বারস্থ হয় মেক্সিকোর কাছে। বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি ফিফার অনুরোধ ফিরিয়ে দেয়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাম বলেন, “রান ফুটবল দলের যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র তাদের রাত্রিযাপনের অনুমতি দিতে চাইছে না। এরপর আমাদের কাছে ইরানের বেসক্যাম্পের জন্য অনুরোধ করা হয়েছে। আমরা জানিয়েছি, এতে আমাদের কোনো আপত্তি নেই। তারা তিয়ুনাতে থাকবে।

পাবলিক সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট রবার্তো কুইয়ানো বলেন, ইরান ফুটবল দলকে আমাদের দেশে স্বাগত। আমি বিশ্বাস করি, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলানো উচিত নয়। তিয়ুনাতে আসা ইরান দল এবং তাদের সমর্থকদের সম্পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।

ইরানের পূর্বনির্ধারিত বেসক্যাম্প ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে। তবে মেক্সিকোর তিয়ুনাতে বেসক্যাম্প স্থাপনের জন্য ফিফার কাছে অনুরোধ জানান মেহদি তাজ। সীমান্তবর্তী শহর হওয়ায় তিয়ুনা থেকে টিম মেলির ম্যাচ ভেন্যুর দূরত্ব হবে আকাশপথে মাত্র ৫৫ মিনিট।

ইরানকে বেসক্যাম্পের অনুমতি না দেয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। একই অবস্থানে রয়েছে ফিফাও।

বিশ্বকাপের প্রস্তুতি সারতে বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছে ইরান ফুটবল দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর