বিশ্বকাপ দিয়ে ফুটবলকে ‘বিদায় বলবেন’ মদ্রিচ
এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে না পারাটা তার এই সিদ্ধান্তে প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বয়স পেরিয়ে গেছে ৪০। ক্লাব এসি মিলানকে আরও একটি মৌসুমে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগে। সব মিলিয়ে হয়তো শেষের ডাক শুনতে পাচ্ছেন লুকা মদ্রিচ। আসন্ন বিশ্বকাপ দিয়ে নাকি ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে ক্রোয়াট তারকার।
ইতালিয়ান সাংবাদিক নিকোলো স্কিরার তথ্য মতে, উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দিয়ে অবসরের ঘোষণা দিতে চলেছেন মদ্রিচ। মিলানের সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। মিলান বোর্ডের কাছে তার শর্ত ছিল, ক্লাব যেন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে পারে। কিন্তু গত রোববার সেরি আর শেষ রাউন্ডে কাইয়ারির বিপক্ষে হেরে তাদের সেই আশা শেষ হয়ে যায়। পাঁচে থেকে লিগ শেষ করে দলটি।
ওই ব্যর্থতায় পরদিন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করে মিলান। পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীকেও সরিয়ে দেয় ক্লাবটি। পরের সময়টায় পরিস্থিতি নাকি আরও জটিল হয়ে উঠেছে মদ্রিচের জন্য, যিনি ৪০ বছর বয়সেও মিলানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে সময়টা উপভোগও করছিলেন তিনি। এক বছরেই আপন করে নিয়েছিলেন ভক্তদের। রেয়াল মাদ্রিদে ১৩ বছরের গৌরবময় অধ্যায় শেষ করে গত বছরের জুলাইয়ে মিলানে যোগ দিয়েছিলেন তিনি।
ক্লাবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মদ্রিচের হাতে খুব বেশি সময় নেই। কয়েক দিনের মধ্যেই এই মিডফিল্ডার মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়া দলের সঙ্গে রওনা হবেন। তার লক্ষ্য টুর্নামেন্টে পুরোপুরি মনোযোগ দেওয়া, তাই তার ক্লাব ছাড়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে কদিনের মধ্যে। মিলান যদিও তাকে ধরে রাখতে আগ্রহী, কিন্তু ইতালিয়ান গণমাধ্যমের খবর, সেটা সম্ভব হবে না।
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ২০১৮ সালের ব্যালন দ’র জয়ী মদ্রিচ। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়া দুটি প্রীতি ম্যাচ খেলবে স্লোভেনিয়া ও বেলজিয়ামের বিপক্ষে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: