মালদ্বীপকে হারিয়ে ঈদের খুশী দ্বিগুন করতে চান মারিয়া মান্দারা
মুসলিম ধর্মালম্বীদের আরেকটি বৃহৎ আনন্দের দিন আগামীকাল। ঈদুল আযহার দিনই সাফে হ্যাটট্রিক শিরোপা মিশনে নামছে বাংলাদেশ। বি-গ্রুপে মারিয়া মান্দাদের প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। গোয়ার মারগাওয়ে জওহর লাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি।
বাংলাদেশের মেয়েদের নতুন কিছু শুরু আগামীকাল বৃহস্পতিবার। প্রথমত, হ্যাটট্রিক শিরোপা মিশন শুরু। দ্বিতীয়ত, সাফে প্রথমবার মারিয়া মান্দার অধিনায়কত্বে খেলবেন ঋতুপর্ণারা। তৃতীয়ত, জয় দিয়ে শিরোপা যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মারগাওয়ের ডন বস্কো ইঞ্জিনিয়ারিং মাঠে অনুশীলন শেষে প্রথমবার নিজের অধিনায়কত্ব নিয়ে মারিয়া মান্দার কথা, ‘প্রথমবার অধিনয়কত্ব করব। অনুভূতি খুবই ভাল। আশাকরি মাঠে দলকে ঠিকমতো পরিচালনা করতে পারব।’
এই একটি ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তাই জিতেই ঈদের দ্বিগুন আনন্দ করতে চান অধিনায়ক মারিয়া মান্দা। তার কথা, ‘আমরা ম্যাচ জিতে ঈদের আনন্দ দ্বিগুন করতে চাই।’ ভারত মালদ্বীপকে ১১ গোলে হারিয়েছে। বাংলাদেশ কত গোলে হারাবে? এমন প্রশ্নের উত্তরে অধিনায়কের কথা, ‘আমর পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করতে চাই। কত গোলে জিতব তা ঠিক এখনি বলা যাবে না। গোল ম্যাচের উপর নির্ভর করে।’ এশিয়ান কাপে এই ভারতকে দেখেছে বাংলাদেশ। সেই দেশটির বিপক্ষে ম্যাচ নিয়ে মারিয়ার কথা, ‘আসলে শুধু ভারত নয়, প্রত্যেকটি ম্যাচই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভারত আমাদের সঙ্গে এশিয়ন কাপে খেলেছে। তারা খুব ভাল দল। ম্যাচটি খুব ফাইটিং হবে।’
অনুশীলনের শুরুতেই ঘাড়ে ব্যাথা পেয়ে টেন্টে বসে অনুশীলনের বাকি সময় কাটিয়েছেন শিউলি আজিম। তবে সূত্রে জানা গেছে, শিউলির পেটে ব্যাথা ছিল। তাই সে অনুশীলন করতে পারেনি। সূত্রটি আরও জানায়, আগামীকালের ম্যাচে নাও খেলতে পারেন শিউলি। মালদ্বীপের বিপক্ষে তেকাঠির নীচে দেখা যেতে পারে মিলি আক্তারকে। কারন মাঠে তেকাঠির নিচে তাকেই বেশি অনুশীলনে রেখেছেন কোচ পিটার। রুপনাকে দিয়েও কিছুক্ষন অনুশীলন করিয়েছেন। যদিও বাংলাদেশের তেকাঠির নীচে কে থাকবেন আগামীকালের ম্যাচে, তা নিশ্চিত করে বলেননি কোচ।
গত দুই সাফে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মাঝমাঠে মনিকা চাকমার সাথে মারিয়ার জুটির ছিল দারুণ ভূমিকা। অনুশীলনে গোঁড়ালিতে হালকা চোট পাওয়ায় মালদ্বীপ ম্যাচ মনিকার খেলা হয়ে পড়েছে অনিশ্চিত। তবে মৌমিতা খাতুন, অর্পিতা বিশ্বাসদের নিয়ে মাঝমাঠ দখলের গুরুত্বপূর্ণ কাজটুকু করতে চান মারিয়া। তিনি বলেন, ‘মিডফিল্ড থেকে যদি আমরা ভালো খেলতে পারি, তো সবসময় ভালো একটা ফল হয় বা খেলা খুব সুন্দর হয়। তো আমরা চেষ্টা করব যে, (অতীতে) প্রত্যেকটা ম্যাচগুলো যেভাবে আমরা খেলে এসেছি, সেভাবে ভালো খেলার এবং এর থেকে আরও বেশি ভালো খেলতে পারি যেন।’ দলে সিনিয়র ও জুনিয়র কম্বিনেশন নিয়ে অধিনায়ক বলেন, ‘এখন আমি, মনিকা আছি আর আমাদের পাশে নতুন করে মৌমিতা আর অর্পিতা এসেছে, তারাও ওইভাবে ভালো খেলবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: