[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাঁকা স্টেডিয়ামে মারিয়াদের জন্য ভিনদেশীদের ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ মে ২০২৬ ২২:০৫ পিএম

ভারতের পর্যটনকেন্দ্র উত্তর গোয়া। সমুদ্রসৈকত, পর্তুগিজ স্থাপত্য আর শান্ত পরিবেশের জন্য পরিচিত এই শহরটি। তবে দক্ষিণ গোয়াও তার ব্যতিক্রম নয়। এখানেও আসেন পর্যটকরা। সেই সুযোগে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবল দলগুলো শিরোপার জন্য লড়াই দেখতে আসেন বাংলাদেশের সমর্থনে চার রাশিয়ান। ‘বাংলাদেশ’ লেখা ব্যানার নিয়ে হাজির হন তারা।

একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে, কিন্তু গোয়ার পথেঘাটে বা স্টেডিয়ামের আশেপাশে সেই উৎসবের আমেজ বা প্রচার-প্রচারণা একেবারেই চোখে পড়েনি। টুর্নামেন্ট সম্পর্কে স্থানীয় মানুষের আগ্রহ যেন শূন্যের কোঠায়। ফলে স্টেডিয়ামের বিশাল গ্যালারি ছিল সম্পূর্ণ দর্শকশূন্য। সবুজ ঘাসের মাঠের চারপাশে শুধু খেলোয়াড়, অফিসিয়াল আর নিরাপত্তা কর্মীদের নীরব উপস্থিতি। এক ধরণের বিষন্ন নীরবতা যেন পুরো পরিবেশকে আচ্ছন্ন করে রেখেছিল।

তবে এই নিস্তব্ধতার মাঝেই প্রেস বক্সের ঠিক ডান পাশের একটি দৃশ্য হঠাৎ করেই সবার নজর কেড়ে নেয়। খালি গ্যালারির মাঝখানে কয়েকজন মানুষের উচ্ছ্বাস। তারা রাশিয়ান। তাদের হাতে একটি সাদা কাপ[ের ব্যানার, যেখানে ইংরেজিতে হাতে লেখা ‘বাংলাদেশ’ এবং সাথে ভালোবাসার লাল ইমোজি। বাংলাদেশের মেয়েদের প্রতিটি আক্রমণের সাথে সাথে তাদের কন্ঠে শোনা গেছে 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগান। পুরো স্টেডিয়ামের শূন্যতাকে যেন তারা একাই ভুলিয়ে দিচ্ছিলেন।

চার রাশিয়ান জানান, তারা গোয়ায় এসেছিলেন গত এপ্রিল মাসে। সকলেই রাশিয়ার সরকারি চাকরিজীবী এবং কাজের ধারাবাকিতায় তারা এখানে থাকবেন আরও প্রায় তিন মাস। কিন্তু কীভাবে তারা বাংলাদেশ নারী দলের অনুরাগী হলেন? তাদের মধ্যে একজন কস্তা। হাসিমুখে সেই রহস্য উন্মোচন করলেন, তারা যে হোটেলে থাকছেন, কাকতালীয়ভাবে বাংলাদেশ দলও সেই একই হোটেলেই উঠেছে। প্রতিদিনের দেখা-সাক্ষাৎ, লিফটে চড়ার সময় বা লবিতে বসার সময় দলের খেলোয়াড়দের সাথে তাদের পরিচয় এবং সহজ আলাপচারিতা হয়। বাস্কেট বলের কোর্টে তাদের পরিচয় আরও গাঢ় হয়। দলের খেলোয়াড়দের বিনয়ী আচরণ এবং ফুটবল সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা জেনে তারা মুগ্ধ হন। তাই আজ যখন তারা জানতে পারেন যে বাংলাদেশের ম্যাচ আছে, তারা আর দেরি করেননি। নিজেদের কাজের ফাঁকে ব্যানার নিয়ে মাঠে হাজির হয়েছেন সমর্থন জানাতে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর