৭০ বছরের ইতিহাসে প্রথমবার বদলাচ্ছে ব্যালন ডি’অরের অনুষ্ঠান ভেন্যু
ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এবার ভেন্যু বদলাচ্ছে। দীর্ঘদিন প্যারিসে আয়োজিত হয়ে আসা এই জমকালো অনুষ্ঠান এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে লন্ডনে।
আয়োজকরা জানিয়েছেন, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কারের যাত্রা শুরু করে। সেই প্রথম আসরে ইংলিশ কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ ব্যালন ডি’অর জেতেন।
উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যানলি ম্যাথিউজের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের বিশেষ বার্ষিক আয়োজন লন্ডনে করা হচ্ছে। তবে শহর নির্ধারণ করা হলেও অনুষ্ঠানটি ঠিক কোন ভেন্যুতে হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ব্যালন ডি’অর ফুটবল বিশ্বে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত। গত দেড় দশক ধরে এই পুরস্কারের আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। মেসি রেকর্ড আটবার এই ট্রফি জিতেছেন, আর রোনালদো জিতেছেন পাঁচবার।
গত বছরের পুরুষদের ব্যালন ডি’অর জেতেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। নারীদের বিভাগে বর্ষসেরা হন স্পেনের আইতানা বনমাতি।
লন্ডনে এবার এই আয়োজন ঘিরে ফুটবল বিশ্বে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন শহরে স্থানান্তরিত হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: