[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের দর্শকদের সমর্থন নিজেদের ভেবেই খেলবে বাংলাদেশ: প্রীতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মে ২০২৬ ২০:০৫ পিএম

গোয়ায় অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

জয়ের পরদিন শুক্রবার দলের খেলোয়াড়দের দেখা গেছে বেশ স্বস্তিদায়ক পরিবেশে। গোয়ার হোটেল প্ল্যানেট হলিউডে দিনটি কেটেছে মূলত রিকভারি সেশন ও আইস বাথের মধ্য দিয়ে। এদিন মাঠে কোনো অনুশীলন ছিল না। একই হোটেলে অবস্থান করা আগামী ম্যাচের প্রতিপক্ষ ভারতও অবসর সময় কাটিয়েছে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে। ঘুরেছেন গোয়ার বিচেও।
তবে স্বস্তির আবহের মধ্যেও বাংলাদেশের মনোযোগ এখন পুরোপুরি ৩১ মে অনুষ্ঠিতব্য স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে। মালদ্বীপের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেলেও নিজেদের পারফরম্যান্সে যে উন্নতির সুযোগ রয়েছে, তা স্বীকার করেছেন দলের খেলোয়াড়রা। মালদ্বীপের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল পাওয়া তরুণ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বলেন, ‘কোচের লক্ষ্য ছিল তিন পয়েন্ট, আমরা সেটা অর্জন করেছি। কোচও খুশি। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ভারতের বিপক্ষেই আমাদের মূল লড়াই। সেই ম্যাচ জিততে পারলে সত্যিকারের আনন্দ হবে। আগামী অনুশীলনে কোচ আমাদের ভুলগুলো নিয়ে কাজ করবেন।’
ভারতের বিপক্ষে খেলতে গেলে দর্শকদের সমর্থন যে স্বাগতিকদের পক্ষেই থাকবে, সেটি স্বাভাবিক। তবে সেই চাপ সামলানোর বিষয়ে মজার এক মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন প্রীতি। হাসতে হাসতে তিনি বলেন, ‘ভারতের দর্শকরা যখন ওদের সমর্থন করবে, তখন আমরা ভাবব তারা আমাদেরই সমর্থন করছে।’ ভারতের বিপক্ষে ম্যাচকে সবসময়ই বিশেষভাবে দেখেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রীতির ভাষায়, ‘ভারতের সঙ্গে খেলতে নামলেই আমাদের মধ্যে বাড়তি এক ধরনের শক্তি কাজ করে। ওরা ভালো দল এবং প্রতিবেশী দেশ। তাই ম্যাচটা নিয়ে আলাদা উত্তেজনা থাকে।’
ভারতের শক্তির জায়গা হিসেবে তিনি উল্লেখ করেন তাদের মাঝমাঠ ও উইংকে। এ বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘ওদের মিডফিল্ড এবং উইং খুবই শক্তিশালী। মালদ্বীপের বিপক্ষে মনিকা আপুর কিছু সমস্যা থাকায় তিনি খেলতে পারেননি। ভারতের বিপক্ষে মনিকা ও মারিয়া আপু একসঙ্গে মিডফিল্ড সামলাতে পারেন। আর উইংয়ে আমাদের দুই ফুলব্যাক নিবিড় মার্কিং করবে। কোচ মিটিংয়ে আরও বিস্তারিত পরিকল্পনা জানাবেন।’
বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত গোল করলেও জাতীয় দলে এখনও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না প্রীতি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পেশাদার মনোভাবের পরিচয় দেন। তার বক্তব্য, ‘হয়তো কোচ আমার চেয়ে ভালো বিকল্প পাচ্ছেন, তাই তাদের খেলাচ্ছেন। ম্যাচভেদে পরিকল্পনাও বদলায়। এটি পুরোপুরি কোচের সিদ্ধান্ত। তবে আমি যখনই সুযোগ পাব, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ফিনিশিং উন্নত করতে নিয়মিত কাজ করছি।’
মালদ্বীপ ম্যাচে প্রথমার্ধের দাপট দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারার কারণগুলো ভিডিও বিশ্লেষণ ও দলীয় আলোচনায় খতিয়ে দেখা হবে বলেও জানান এই ফরোয়ার্ড। এখন সেই ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে আরও আত্মবিশ্বাসী ও সংগঠিত বাংলাদেশকে দেখার অপেক্ষায় সমর্থকরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর