গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সহজ প্রতিপক্ষ চাই শিউলি আজিম
সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সামনে অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। সেই ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের মিডফিল্ডার শিউলি আজিম।
প্রশ্ন: সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এখন ভারতের বিপক্ষে ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিকে কীভাবে দেখছেন?
শিউলি আজিম: দেখুন, ভারত খুবই ভালো দল, এতে কোনো সন্দেহ নেই। কালকের ম্যাচ আমাদের জন্য অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। তবে প্রতিটি দলেরই যেমন শক্তি থাকে, তেমনি দুর্বলতাও থাকে। আমাদের বিশ্লেষকরা নিশ্চয়ই ভারতের খেলা বিশ্লেষণ করেছেন। আমরা তাদের দুর্বল জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করব এবং নিজেদের দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠার জন্য সতর্ক থাকব।
প্রশ্ন: মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রক্ষণভাগে কিছু ভুল দেখা গেছে এবং সেগুলোর জন্য দলকে মূল্যও দিতে হয়েছে। ভারতের মতো শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে ডিফেন্স কতটা প্রস্তুত?
শিউলি আজিম: বিষয়টি নিয়ে কোচ কাজ করছেন। আমরা আশা করছি, আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নিতে পারব এবং পরের ম্যাচে আরও ভালোভাবে নিজেদের উপস্থাপন করতে পারব।
প্রশ্ন: কোচ বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচে কিছু পরিবর্তন আসতে পারে। আপনি, মনিকা কিংবা আরও কয়েকজন দলে ফিরলে নাকি বাংলাদেশের চেহারাই বদলে যাবে?
শিউলি আজিম: কে খেলছে সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো গেম প্ল্যান অনুযায়ী সঠিক খেলোয়াড় নির্বাচন করা। আমাদের দলে যেমন কিছু দুর্বলতা আছে, তেমনি অনেক শক্তিও আছে। আমি বিশ্বাস করি, এই দলের সামর্থ্য আছে ভারতকে ভোগান্তিতে ফেলার। কোচ যেভাবে পরিকল্পনা করবেন, সেটাই দলের জন্য সবচেয়ে ভালো হবে।
প্রশ্ন: সাবিনা খাতুন বলেছেন ম্যাচটি ‘ফিফটি-ফিফটি’। এত বড় ম্যাচকে ঘিরে দলের মানসিক অবস্থা কেমন?
শিউলি আজিম: আমাদের দলে যেমন অভিজ্ঞ খেলোয়াড় আছে, তেমনি নতুন মুখও রয়েছে। নতুনদের জন্য কিছুটা চাপ কাজ করতেই পারে। তবে যারা অভিজ্ঞ, তারা এসব পরিস্থিতির সঙ্গে পরিচিত। তাই তাদের ওপর চাপ তুলনামূলক কম থাকবে।
প্রশ্ন: ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ?
শিউলি আজিম: এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ আমরা চাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে। তাহলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব এবং ভালো খেলার চেষ্টা করব।
প্রশ্ন: আপনি আগের দুই সাফেও খেলেছেন এবং ভারতকে হারানোর অভিজ্ঞতাও আছে। আগের ভারতের সঙ্গে বর্তমান ভারতের কী পার্থক্য দেখছেন?
শিউলি আজিম: আমার মনে হয়, আগের কিছু অভিজ্ঞ খেলোয়াড় এখন দলে নেই, আবার নতুন কিছু খেলোয়াড় এসেছে। তবে ভারত এখনও খুব গোছানো একটি দল। আমাদের দলও বেশ ভারসাম্যপূর্ণ। তাই ভালো একটি ম্যাচ হবে বলে আশা করছি।
প্রশ্ন: একজন ফুটবলার হিসেবে ভারতের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার আলাদা অনুপ্রেরণা কাজ করে কি?
শিউলি আজিম: আমি মনে করি, একজন পেশাদার ফুটবলারের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচ সহজ, কোনো ম্যাচ কঠিন—এভাবে আমরা সাধারণত ভাবি না। প্রতিটি ম্যাচেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকে।
প্রশ্ন: মালদ্বীপের বিপক্ষে ডিফেন্সকে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। কিন্তু ভারতের আক্রমণভাগ অনেক শক্তিশালী। বাড়তি চাপ অনুভব করছেন?
শিউলি আজিম: আমি আগেই বলেছি, আমরা আমাদের দুর্বল জায়গাগুলো জানি। সেগুলো নিয়ে কাজও করছি। ভারতের বিপক্ষে ম্যাচে সেই জায়গাগুলোতে আমরা আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করব।
প্রশ্ন: মনিকা চাকমা ফিরলে দলের ওপর কতটা প্রভাব পড়বে?
শিউলি আজিম: এটা এখনই নিশ্চিত করে বলা কঠিন, কারণ বিষয়টি কোচিং স্টাফের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যদি সে ফিরে আসে, তাহলে অবশ্যই দলের শক্তি বাড়বে এবং সেটা দলের জন্য ইতিবাচক হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: