[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‘যে চাপ সামলাতে পারবে, সে জিতবে’, ভারত কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মে ২০২৬ ২১:০৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দারুণ এবং উপভোগ্য হতে যাচ্ছে বলে মনে করেন ভারত জাতীয় নারী ফুটবল দলের কোচ ক্রিসপিন ছেত্রি।

গোয়ার যে অনুশীলন মাঠে শনিবার সকালের রোদে প্রস্তুতি সারল বাংলাদেশ, সেই ডন বস্কো গ্রাউন্ডে বিকালে ট্রেনিং করল ভারত। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গত সাত আসরের শিরোপা ভাগাভাগি করে নেওয়া দুই দল এবার মুখোমুখি হওয়ার অপেক্ষায়। প্রতিযোগিতার বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নের লড়াই, অথচ কোনো কোচের কথায় নেই কোনো উত্তাপ! ভারত কোচ ক্রিসপিন ছেত্রি যেমন বললেন, গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে যে চাপ সামাল দিতে পারবে, সেই জিতবে।

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার পথে ভারত এগিয়ে আছে অনেকটাই। দ্বীপ দেশটির বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৪-২ ব্যবধানে। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে ড্র করলেও গ্রুপ সেরা হবে ভারত।

তুলনামূলক সহজ এই সমীকরণও ভারত কোচ মেলাতে চাইলেন না মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করে। ঋতুপর্ণা-মারিয়াদের কাছে সবশেষ টানা দুই হারের বৃত্ত ভাঙ্গতে হলে চাপ সামলে সেরাটা নিংড়ে দিতে হবে, মনে করেন ছেত্রি।

“আমার মনে হয়, এ মুহূর্তে আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে। যেমনটা আগেও বলেছি, আমরা কৌশলগতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় পাইনি। তাই এই তিন দিনের অনুশীলনই ছিল আমাদের মূল ভরসা। তবে, আমি মনে করি, মেয়েরা জানে আমরা কীভাবে খেলতে চাই। আমরা আপাতত সেই পরিকল্পনাতেই অনড় থাকব।”

“আয়োজক দেশ হিসেবে আমরা জিততে চাই এবং বাংলাদেশের এই জয়ের ধারা ভাঙতে চাই, কিন্তু মাঠে যা করার খেলোয়াড়দেরই করতে হবে। তরুণদের এই চাপ সামলাতে হবে। যে দলের তরুণ খেলোয়াড়রা মাঠে নেমে চাপ ভালোভাবে সামলাতে পারবে, আমার মনে হয় সেই দলই জিতবে।"

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ভারত রেকর্ড শিরোপাধারী, টানা পাঁচবার চ্যাম্পিয়ন তারা। তাদের আধিপত্য ভেঙে গত দুই আসরে সেরা হওয়া বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে উপভোগ্য লড়াই হবে, মনে হচ্ছে ৫১ বছর বয়সী এই কোচের।

“সত্যি বলতে, আমার মনে হয়, কোনো দলেরই চাপ নেওয়া উচিত নয়। আমি মনে করি, এটা আসলে আমাদের নিজ নিজ দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া এবং এএফসিতে (ইভেন্টগুলোতে) কোয়ালিফাই করার দিকে নজর দেওয়ার বিষয়। আমার মনে হয় পিটারও (জেমস বাটলার, বাংলাদেশ কোচ) একই কাজ করছেন এবং আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, সুতরাং চাপ থাকা উচিত নয়।”

“আমার মনে হয়, এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। মালদ্বীপের ম্যাচটা অন্যরকম ছিল। সেটা ছিল মালদ্বীপের প্রথম ম্যাচ, আর বাংলাদেশের বিপক্ষের গত ম্যাচটা ছিল একেবারেই আলাদা। আমরা কেবল স্কোরলাইনটাই দেখি, কিন্তু বাংলাদেশও অনেক সুযোগ হাতছাড়া করেছিল। শুধু স্কোরলাইনের দিকে তাকিয়ে আপনি বলতে পারেন না যে এই দলটা কেমন। আমার মনে হয়, আগামীকাল একটি সুন্দর এবং দারুণ উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে।”

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর