[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

একাদশে অনিশ্চিত আফঈদা, ভারতের বিপক্ষে বদলের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ মে ২০২৬ ১৫:০৫ পিএম

গোয়ার নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের একাদশে বড় পরিবর্তনের আভাস মিলছে। দলের নিয়মিত সেন্টার ব্যাক আফঈদা খন্দকার আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা হারাতে পারেন বলে জানা গেছে।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলের জয়ে দলের রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে প্রতিপক্ষের দুইটি কাউন্টার অ্যাটাক থেকেই বাংলাদেশ গোল হজম করে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে আফঈদার অবস্থান ও প্রতিরোধের চেষ্টা নিয়ে কোচিং স্টাফের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরই প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে রক্ষণভাগে পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। গোয়ার ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ অনুশীলনে মূল দলের সেন্টার ব্যাক পজিশনে খেলতে দেখা যায় সুরমা জান্নাতকে। পুরো সেশনেই তিনি সম্ভাব্য প্রথম একাদশের সঙ্গে অনুশীলন করেন। অন্যদিকে আফঈদা ছিলেন বিকল্প দলের অংশ, যা তার একাদশে থাকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, টিম ম্যানেজমেন্টও আফঈদাকে বেঞ্চে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ পিটার বাটলার। ম্যাচের আগে দলীয় সভার পরই একাদশ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ নারী দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আফঈদার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। এরপর জাতীয় দলের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে পারফরম্যান্সের কারণে কখনোই একাদশের বাইরে যেতে হয়নি তাকে। তাই ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার সম্ভাব্য বাদ পড়া বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

শুধু একাদশে জায়গা হারানোর শঙ্কাই নয়, সাম্প্রতিক সময়ে নেতৃত্বের ক্ষেত্রেও ধাক্কা খেয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। এর আগে দলের অধিনায়কত্বও হারাতে হয়েছে তাকে। ফলে ক্যারিয়ারের একটি কঠিন সময় পার করছেন আফঈদা।

অন্যদিকে ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে উত্তেজনার কমতি নেই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ও ভারত—দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

সমীকরণ বলছে, গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকে জিততেই হবে। অন্যদিকে ভারতের জন্য ড্র-ই যথেষ্ট। ফলে ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই হিসেবেই বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণভাগে পরিবর্তন আনে কি না, সেদিকেই এখন সবার নজর। আফঈদা খন্দকারের পরিবর্তে সুরমা জান্নাত সুযোগ পান কি না, তার উত্তর মিলবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর