[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে আবারও বাংলাদেশের মুখোমুখি হওয়ার আশা ভারত কোচ ক্রিসপিন ছেত্রির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুন ২০২৬ ১১:০৬ এএম

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচ শেষে ভারতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রি জানিয়েছেন, তার বিশ্বাস বাংলাদেশ সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠবে এবং সেখানে আবার ভারতের সঙ্গে দেখা হবে।

রোববার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে ভারত। অন্যদিকে একটি জয় ও একটি হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল, যারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারত কোচ ক্রিসপিন ছেত্রি। তিনি বাংলাদেশের তরুণ দল এবং তাদের উন্নয়নের ধারাবাহিকতার প্রশংসা করে বলেন, “বাংলাদেশ একটি তরুণ দল নিয়ে এসেছে। তরুণ দল নিয়ে খেলতে হলে প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হয়। আমার মনে হয় তারা ভালো কাজ করছে এবং ফাইনালে আমাদের আবারও দেখা হবে।”

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ছেত্রি বলেন, ভারতও বর্তমানে দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, দুই দলই ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে। তিনি বলেন, “গত আসরের পর থেকে আমাদের দল একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ যেমন নিজেদের গড়ে তুলছে, আমরাও একই পথ অনুসরণ করছি। এই প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ।”

ম্যাচের শুরুতেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ভারতের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান আনিকা রানিয়া সিদ্দিকী। তবে তার নেওয়া শট ভারতীয় গোলরক্ষক সহজেই ঠেকিয়ে দেন। অনেকের মতে, সেই সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

তবে এ বিষয়ে কৌশলী মন্তব্য করেন ভারত কোচ। তিনি বলেন, “ফুটবলে এমন সুযোগ আসেই। কিন্তু আমার মনে হয়েছে, এই ম্যাচে আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে খুব ভালোভাবে প্রস্তুত ছিল। তারা প্রতিপক্ষের তুলনায় বেশি আত্মবিশ্বাসী ও মনোযোগী ছিল।”

বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না ছেত্রি। বরং তিনি মনে করেন, দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের উত্থান ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠতে পারে কি না এবং ভারত কোচের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর