মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, মেসি-রোনালদোর সঙ্গে ইতিহাস গড়বেন ওচোয়াও
বিশ্বফুটবলে একজন এমন দৈত্য আছেন, যার ঘুম ভাঙে প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ এলে। মেক্সিকান গোলরক্ষক গুইলের্মে ওচোয়া ফুটবল ইতিহাসের এক রহস্যময় চরিত্র, যার নামটা বিশ্বকাপ এলেই আলোচনায় আসতে বাধ্য।
আরও একটা বিশ্বকাপ যখন কড়া নাড়ছে, তখন ফের খবরের শিরোনামে এই মেক্সিকান গোলরক্ষক। আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ইতিহাস গড়তে চলেছেন ওচোয়া-ও।
সোমবার (১ জুন) আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সহ-আয়োজক মেক্সিকো। বিশ্বকাপের জন্য কোচ হাভিয়ের আগুইরের ঘোষণা করে দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন বর্ষীয়ান গোলরক্ষক গুইলের্মে ওচোয়া। ষষ্ঠবারের মতো ফুটবলের এই মহাযজ্ঞে খেলতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
চলতি বিশ্বকাপ দুই কিংবদন্তি মেসি ও রোনালদোরও ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপের ইতিহাসে এই কীর্তি এই তিন ফুটবলার ছাড়া আর কারোরই নেই।
তবে মেসি ও রোনালদো নিজ নিজ দলের একাদশে অটোচয়েজ হলেও ওচোয়া আসন্ন বিশ্বকাপে খুব বেশি গেম টাইম হয়তো পাবেন না। সাম্প্রতিক সময়ে তিনি আর গোলপোস্টের নিচে কোচের প্রথম পছন্দের গোলরক্ষক নন।
২০০৬ এর জার্মানি বিশ্বকাপে প্রথমবার মেক্সিকোর হয়ে খেলেন ওচোয়া। এরপর অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপেই মেক্সিকোর গোলপোস্টের নিচে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং ইতালির জায়ান্ট এসি মিলানের স্ট্রাইকার সান্তিয়াগো হিমিনেজ। স্কোয়াডে আরও আছেন স্পেনে জন্ম নেয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস।
এদিকে, ১৭ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার গিলবার্তো মোরা বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন।
কোচ আগুইরে এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে মেক্সিকোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। এর আগে ২০০২ এবং ২০১০ সালেও তার অধীনেই বিশ্বকাপে অংশ নিয়েছিল মেক্সিকো। দুবারই দল গ্রুপ পর্ব পার হতে সমর্থ হয়েছিল। তবে এবার স্বাগতিকদের লক্ষ্য নিজেদের সেরা সাফল্য ছাড়িয়ে যাওয়া। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে আয়োজক হয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল মেক্সিকো।
বিশ্বকাপে মেক্সিকো আছে গ্রুপ 'এ'তে, যেখানে তাদের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। আগামী ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। এরপর ১৯ জুন দক্ষিণ কোরিয়া এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: রাউল র্যাঙ্গেল (গুয়াদালাহারা), গুইলের্মে ওচোয়া (এইএল লিমাসল), কার্লোস আসেভেদো (সান্তোস লাগুনা);
ডিফেন্ডার: ইসরায়েল রেইয়েস (আমেরিকা), হোর্হে সানচেজ (পিএওকে), সিজার মন্তেস (লোকমেটিভ মস্কো), ইয়োহান ভাসকেজ (জেনোয়া), হেসুস গালার্দো (তলুকা) মাতেও শাভেজ (আলকামার);
মিডফিল্ডার: এডসন আলভারেজ (ওয়েস্টহ্যাম), লুইস রোমো (গুয়াদালাহারা), ওবেদ ভার্গাস (অ্যাতলেটিকো মাদ্রিদ), ব্রায়ান গুতিয়েরেজ (গুয়াদালাহারা), ওরবেলিন পিয়েন্দা (এইকে এথেন্স), এরিক লিরা (ক্রুজ আজুল), গিলবার্তো মোরা (তিহুয়ানা), সিজার ওয়েয়াতা (আন্ডারলেখট), আলভারো ফিদালগো (রিয়াল বেতিস), লুইস শাভেজ (ডায়নামো মস্কো);
ফরোয়ার্ড: রবার্তো আলভারাদো (গুয়াদালাহারা), আলেক্সিস ভেগা (তলুকা), হুলিয়ান কুইনোনেস (আল কাদসিয়া), সান্তিয়াগো হিমিনেজ (এসি মিলান), গুইলের্মো মার্তিনেজ (পুমাস), আরমান্দো গঞ্জালেস (গুয়াদালাহারা) এবং রাউল হিমিনেজ।
কোচ: হাভিয়ের আগুইরে
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: