[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত বিপর্যয়ের পর বাটলারের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

ভারতের কাছে ৩-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার দলের পারফরম্যান্স, খেলোয়াড়দের মানসিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু স্পষ্ট ও কঠোর মন্তব্য করেছেন। তার বক্তব্যে যেমন উঠে এসেছে দল পুনর্গঠনের ইঙ্গিত, তেমনি সিনিয়র ফুটবলার মনিকার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ভারতের কাছে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোনো অজুহাত দাঁড় করাননি বাটলার। সরাসরি স্বীকার করে নেন দলের ব্যর্থতা। তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমরা স্রেফ হেরে গেছি।’

কোচের মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সুযোগ তৈরি হলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়েছে দল। তবে শুধু ফলাফল নয়, খেলোয়াড়দের পেশাদার মানসিকতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাটলার। ভারতীয় ও বাংলাদেশি খেলোয়াড়দের মনোভাবের তুলনা টেনে তিনি বলেন, ভারতীয় ফুটবলারদের মাঠে নামার আগ্রহ ও প্রস্তুতি প্রশংসনীয়, অথচ বাংলাদেশের কিছু খেলোয়াড়ের মধ্যে সেই তাড়না দেখা যায় না। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে মানসিকতা ও শৃঙ্খলার ক্ষেত্রেও উন্নতি জরুরি।

দল পুনর্গঠনের প্রসঙ্গ তুলে বাটলার জানান, তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। কয়েকজন অভিজ্ঞ ফুটবলার ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন বলে তার ধারণা। সে কারণে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি। কোচের ভাষায়, নতুন প্রজন্মকে তৈরি করতে হলে সাহসী সিদ্ধান্ত নেওয়ার বিকল্প নেই।

ভারতের প্রতিশোধের আগুনে পুড়লো বাংলাদেশভারতের প্রতিশোধের আগুনে পুড়লো বাংলাদেশ
এদিকে সবচেয়ে আলোচিত মন্তব্যটি এসেছে মিডফিল্ডার মনিকাকে ঘিরে। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরলেও ভারতের বিপক্ষে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘মনিকা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে। সে চোটে ভুগছে এবং আগের মতো তরুণও নেই।’ কোচের এই মন্তব্যে জাতীয় দলে মনিকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে কঠোর সমালোচনার মাঝেও আশার কথা শুনিয়েছেন বাটলার। তিনি জানিয়েছেন, দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলবে এবং খেলোয়াড়রা শতভাগ নিবেদন দেখালে তার পক্ষ থেকেও পূর্ণ সমর্থন থাকবে। ভারতের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর বাংলাদেশ নারী ফুটবলে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, বাটলারের বক্তব্য যেন সেই বার্তাই আরও স্পষ্ট করে দিয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর