নেপাল ম্যাচের আগে আত্মসমালোচনায় মনিকারা
গ্রুপ পর্বে নিজেদের সেরা ফুটবল খেলতে না পারা বাংলাদেশ খুঁজছে চেনা ছন্দে ফেরার উপায়।
রিকভারি ডে, তবু ঠিক বিশ্রাম নয়। আইসবাথ নিতে গিয়ে, খাবার টেবিলে বসে, নিজেদের মধ্যে আলাপনে ঘুরেফিরে উঠে আসছে মালদ্বীপের বিপক্ষে জেতা ম্যাচের ভুলগুলো, ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচের বিবর্ণতা। নিষ্প্রভতার কারণ অনুসন্ধান চলছে। চলছে আত্মসমালোচনা। নেপালের বিপক্ষে সেমি-ফাইনালের আগে দিকহারা দল খুঁজছে সঠিক পথ।
গোয়ার প্ল্যানেট হলিউড বিচ রিসোর্টে সোমবার দিনটি মনিকা-মারিয়াদের জন্য অন্যরকম হতে পারত। সেখানে, বিষন্নতার বদলে সবার মুখে থাকতে পারত হাসি। কিন্তু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলের হারে উধাও সব উচ্ছ্বাস।
তা ফিরতে পারে আগামী বুধবার নেপালের বিপক্ষে জিতে ফাইনালে উঠতে পারে। তাতে জোরাল হবে, বাংলাদেশের উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন। গত দুই আসরের ফাইনালে নেপালকে হারিয়েছিল দল, কিন্তু এবার তাদের হারানো কী সম্ভব?
কোচ পিটার জেমস বাটলার দৃঢ় কণ্ঠেই বলেছেন, দক্ষিণ এশিয়ার যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে তার দলের। ভারত ম্যাচের পর দলের অনেককে তীর্যক সমালোচনায় বিধঁলেও তিনি বললেন, বাজি ধরবেন নিজ দলের পক্ষেই। আশাবাদও জানালেন, সব ক্লান্তি ঝেড়ে নকআউট পর্বে জ্বলে উঠবে দল।
সে প্রস্তুতিও মেয়েরা নিচ্ছে আটঘাঁট বেঁধে। দলীয় সূত্রের খবর, দলীয় আলোচনায় অধিনায়ক মারিয়া মান্দা সবাইকে ধরে ধরে তাদের ভুলগুলো তুলে ধরছেন। কখনও অভিজ্ঞ মনিকা সতীর্থদের সামনে করছেন আত্মসমালোচনা। মেনে নিচ্ছেন, ভারত ম্যাচে নিংড়ে দিতে পারেননি নিজের সেরাটা। সুরমা জান্নাত-কোহাতি কিসকুর মতো তরুণরাও মেনে নিচ্ছেন, আরও ভালো করার সামর্থ্য আছে তাদের। সব মিলিয়ে ছন্নছাড়া একটি দল নিজেদের এক সুঁতোয় বাঁধতে খুব করে চাইছে।
গত দুই ম্যাচে দল কেন এক ছাতার নিচে আসেনি, তার কারণ সমালোচনার কড়া সুরে জানিয়েছেন বাটলার। বলেছেন, কেউ কেউ খেলতে চায়, সেরাটা মেলে ধরতে চায়, কেউ চায় না! কেউবা নিতে চায় সহজ পথ! কিন্তু সাফল্যের পথ যে কখনই হয় না মসৃণ, রিকভারির দিনে চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দিচ্ছেন কোচিং স্টাফে থাকা সবাই। বিকালের ভিডিও সেশনে আরও ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে, কার ভুল কতখানি।
ভারত ম্যাচের ব্যর্থতায় এদিন বড্ড কড়াকড়ির মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাম প্রকাশ না করার শর্তে এক কোচিং স্টাফ বললেন, ভুলগুলো সামনে তুলে ধরার পর মেয়েরা উপলব্ধি করতে পেরেছে সবটুকু। মেনে নিয়েছে। প্রতিশ্রুতিও দিয়েছে, নেপাল ম্যাচে তারা দেখিয়ে দেবে।
দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ভিডিও বার্তায় বলেছেন, বাধাগুলো পার হওয়ার মন্ত্র তারা গুঁজে দিচ্ছেন মেয়েদের কানে।
“আসলে আমরা গতকালকের ম্যাচে পরিকল্পনা মাফিক খেলতে পারিনি। যে পরিকল্পনা করেছিলাম, আমাদের ব্যাক্তিগত নৈপুণ্য নির্ভর খেলোয়াড়দের অনেকে ভালো করেছে, অনেকে সফলভাবে পারেনি। ভারতের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলতে যাবেন, সব বিভাগে একসাথে পারফরম করতে না পারলে শাস্তি আপনাকে পেতেই হবে; যেটা আমরা পেয়েছি।”
“আমরা প্রতিটি খেলোয়াড়ের সাথে কথা বলছি, তাদের আসলে সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কীভাবে সমাধান করা যায়, ওটা নিয়ে কাজ করছি। আশা করি, নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।”
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: