পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ
মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। সোমবার মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে গোল করতে দেয়নি বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। অন্যদিকে প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া পাকিস্তান দল শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। বাংলাদেশের ড্রয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পুরো ম্যাচজুড়ে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। ৬৭তম মিনিটে পাকিস্তানের এক দূরপাল্লার শটে দারুণভাবে রুখে দেন শ্রাবণ। তার ছোঁয়া লেগে বল পোস্টে আঘাত করে ফিরে আসে। এরপরও কয়েকটি বিপজ্জনক আক্রমণ একাই সামাল দিয়ে দলকে রক্ষা করেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই গোলরক্ষক।
ম্যাচের ৬২তম মিনিটে বাংলাদেশ বড় ধাক্কা খায়। মঞ্জুরুর রহমানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। যদিও সংশ্লিষ্ট ফাউলের ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। একজন কম নিয়ে খেললেও বাংলাদেশ আক্রমণে পিছিয়ে ছিল না। আব্দুল্লাহ ওমর দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ফলে সম্ভাব্য জয় হাতছাড়া হলেও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মাত্র পাঁচ দিনের অনুশীলনে কোচ মারুফুল হক দলের কাছ থেকে ইতিবাচক ও লড়াকু ফুটবল উপহার পেয়েছেন। তরুণদের এই পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাবাদ জাগিয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: