নারী সাফ সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ
সাফ নারী টুর্নামেন্টের সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে নেমেছে শোকের ছায়া। জাতীয় নারী দলের অভিজ্ঞ ফুটবলার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে এই দুঃসংবাদ পাওয়ার পর দলের প্রস্তুতিতে পরিবর্তন আনা হয়, বাতিল করা হয় দিনের নির্ধারিত অনুশীলন।
দলের সঙ্গে থাকা সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শিউলি আজিম মায়ের মৃত্যুর খবর পান। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বাসনা আজিম। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দুই কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঘটনার পর স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েন শিউলি আজিম। দলের সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন। একই সঙ্গে এই শোকের কারণে বাংলাদেশ দলের আজকের শেষ অনুশীলনটি বাতিল করা হয়।
শিউলি আজিম দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারী দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত। গত দুই সাফ শিরোপা জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে চলতি আসরে এখন পর্যন্ত তিনি মাঠে নামার সুযোগ পাননি।
সেমিফাইনালের আগে এমন দুঃসংবাদে দলের প্রস্তুতিতে কিছুটা ছন্দপতন ঘটলেও ফুটবলাররা জানিয়েছেন, পরিস্থিতি সামলে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন তারা।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শিউলি আজিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আগামীকাল নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমন একটি ব্যক্তিগত শোকের ঘটনা দলীয় পরিবেশে আবেগঘন পরিস্থিতি তৈরি করেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: