[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রাতে সান মারিনোর বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলাটি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

বাংলাদেশ ফুটবলের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের দল। প্রীতি ম্যাচে আজ রাত ১১টায় বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো।

ম্যাচটি শুধু বাংলাদেশের জন্যই নয়, সান মারিনোর ফুটবল ইতিহাসেও একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। কারণ, নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইউরোপের দেশটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, আর সান মারিনো রয়েছে ২১১তম স্থানে। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ের হিসাবে বাংলাদেশ এগিয়ে ৩১ ধাপ।

তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধান মাঠের লড়াইকে সহজ করে দিচ্ছে না। বরং ইউরোপিয়ান পরিবেশ, দীর্ঘ সফর এবং নতুন অভিজ্ঞতার কারণে ম্যাচটি বাংলাদেশের জন্য ভিন্ন মাত্রা পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নতুন অভিজ্ঞতা প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির অধীনে খেলবে বাংলাদেশ জাতীয় দল।

গত দুই বছরে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময় পার করেছে সান মারিনো। ২০২৪ সালে লিখটেনস্টাইনের বিপক্ষে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক জয়ের দেখা পায় দলটি। পরে একই প্রতিপক্ষকে আবার হারিয়ে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচেও জয় তুলে নেয় তারা। দীর্ঘদিন ইউরোপের দুর্বলতম দল হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক ফল পেয়েছে সান মারিনো।

বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বে নিয়মিত অংশ নেয়ার কারণে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। যদিও সেই ম্যাচগুলোর বেশিরভাগেই পরাজয় সঙ্গী হয়েছে, তবু আন্তর্জাতিক ফুটবলের কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার অভিজ্ঞতা সান মারিনোর বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ দল এই সফরে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে ওঠার আগেই অনুশীলনের সুযোগ পেয়েছে মাত্র দুটি সেশনে। ২৬ জন ফুটবলারকে নিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে হয়েছে কোচকে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন টমাস ডুলি।

ম্যাচটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সেরাভালের স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। তাদের বেশিরভাগই ইতালি থেকে খেলা দেখতে আসবেন। ছোট আকারের স্টেডিয়ামটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

বিদেশের মাঠে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের দিকে তাকিয়ে আছে দেশের ফুটবলপ্রেমীরাও। দেশে বসে সমর্থকেরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়। ইউরোপে প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স করে বাংলাদেশ, সেটিই এখন দেখার অপেক্ষা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর