হ্যাটট্রিক শিরোপার সুযোগ বারবার আসে না- মারিয়া মান্দা
টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বারবার আসে না, তাই দল সামর্থ্যরে সবটুকু দিয়ে লড়াই করতে প্রস্তুত। গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা গ্রুপ পর্বে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল। তবে সেই পরাজয়কে পেছনে ফেলে নতুন উদ্যমে ফাইনালের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হলেও বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে।’ তিনি জানান, আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল এখন ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
বাংলাদেশ এর আগে ২০২২ ও ২০২৪ সালে সাফের শিরোপা জিতেছে। এবার জিততে পারলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে দলটি। মারিয়ার ভাষায়, এমন সুযোগ সবসময় আসে না, তাই এই সুযোগ কাজে লাগাতে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ম্যাচটিতে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত অলিম্পিক গোলে সমতায় ফেরার পর শেষ মুহূর্তে সাগরিকার গোলে জয় নিশ্চিত হয়। সেই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করেন অধিনায়ক।
মারিয়া বলেন, ‘ফাইনালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং দেশবাসীকে ভালো ফুটবল উপহার দিতে চাই।’ তার বিশ্বাস, ‘সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে লড়াই করে কাক্সিক্ষত ফল অর্জন করা সম্ভব। এখন পুরো দলের লক্ষ্য একটাই, আরেকটি শিরোপা জিতে ইতিহাস গড়া।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: