দর্শকদের জন্য কঠোর নির্দেশনা, বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা
২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোতে ভুভুজেলা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আসন্ন বিশ্বকাপের ২৩তম আসরের জন্য প্রণীত স্টেডিয়ামের আচরণবিধিতে প্লাস্টিকের তৈরি এই জনপ্রিয় বাঁশি নিষিদ্ধ করেছে ফিফা। ভুভুজেলা মূলত দক্ষিণ আফ্রিকার ফুটবল সংস্কৃতির একটি অতি পরিচিত অনুষঙ্গ। লম্বা আকৃতির প্লাস্টিকের খোলস দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সময় বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। তবে এর মাত্রাতিরিক্ত শব্দের কারণে দীর্ঘদিন ধরেই এটি বেশ সমালোচিত। খবর রয়টার্সের।
ফিফার নতুন আচরণবিধি অনুযায়ী, ভুভুজেলার পাশাপাশি বাঁশি, এয়ার হর্ন এবং অতিরিক্ত উচ্চ শব্দ তৈরি করতে সক্ষম অন্যান্য যন্ত্রও বিশ্বকাপের সবকটি অর্থাৎ ১৬টি ভেন্যুতেই নিষিদ্ধ থাকবে। এছাড়া লেজার বিম, লেজার পয়েন্টার কিংবা এ ধরনের আলোক রশ্মি নির্গত করে এমন যন্ত্র বহন করাও পুরোপুরি নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
নিষিদ্ধ সামগ্রীর তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, শরীরে আঁকা রং বা অস্থায়ী শরীরচিত্র পোশাক হিসেবে গণ্য হবে না। একই সঙ্গে মাঠে দৌড়ে প্রবেশ করা, প্রকাশ্যে পোশাক খুলে ফেলা কিংবা শরীরের গোপন অঙ্গ প্রদর্শনের মতো আচরণও নিষিদ্ধ।
এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয়া হতে পারে অথবা স্টেডিয়াম থেকে বের করে দেয়া হতে পারে বলে জানিয়েছে ফিফা।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের উদ্বোধনী ম্যাচে ১১ জুন মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: