লামিন ইয়ামাল খেলছেন, নিশ্চিত করলেন স্পেন কোচ
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে থাকা সব জল্পনার অবসান ঘটিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি নিশ্চিত করেছেন, গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন বার্সেলোনার এই বিস্ময়বালক। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন পুরোপুরি ফিট আছে। সে আগামীকাল খেলবে। যদিও পুরো ৯০ মিনিট নয়, তবে ম্যাচের একটি নির্দিষ্ট সময় মাঠে থাকতে পারবে।’
একই সুসংবাদ রয়েছে নিকো উইলিয়ামসকে নিয়েও। তিনিও ম্যাচের জন্য প্রস্তুত। ফলে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেন শিবিরে স্বস্তি ফিরেছে।
বিশ্বের সেরা মিডফিল্ড স্পেনের?
সংবাদ সম্মেলনে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্পেন কোচ। বিশেষ করে মিডফিল্ড বিভাগ নিয়ে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
মিডফিল্ডে এত প্রতিভাবান খেলোয়াড় থাকায় একাদশ নির্বাচন কতটা কঠিন; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা মিডফিল্ড আমাদের। আমাদের দলে ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় আছে, জুবিমেন্দি আছে, যে ভবিষ্যতে ব্যালন ডি’অর জিততে পারে। আছে ফাবিয়ান রুইজ, পেদ্রি এবং বায়েনা। একজনকে খেলাতে গেলে আরেকজন ভালো খেলোয়াড়কে বাইরে রাখতে হয়। এটাই এই দলের সৌভাগ্য।’
আত্মতুষ্টির সুযোগ নেই
তবে আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আত্মবিশ্বাস আছে, কিন্তু প্রতিটি ম্যাচই কঠিন হবে। শুরু থেকেই আমাদের মনোযোগী থাকতে হবে। আমরা কারও চেয়ে ভালো—এমন চিন্তা করার কোনো সুযোগ নেই।‘
কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্পেন
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দেকে মোটেও দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখছেন না স্পেন কোচ। তার ভাষায়, ‘এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিনিয়ত অপ্রত্যাশিত ফল দেখা যাচ্ছে। আমাদের কাছে কেপ ভার্দের বিপক্ষের ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তারা কৌশলগতভাবে খুবই সংগঠিত এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ। দলটি অত্যন্ত দ্রুতগতির ফুটবল খেলে এবং তারা ক্যামেরুনকে বিদায় করেছে। আমার বিশ্বাস, এই বিশ্বকাপের অন্যতম চমক হবে কেপ ভার্দে। আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: