বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ইরানের
নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি ও তারকা স্ট্রাইকার মেহদি তারেমি।
তাদের অভিযোগ, ভিসা জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধ এবং যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্প স্থাপনের অনুমতি না দেয়ার কারণে বিশ্বকাপের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ থেকে বঞ্চিত করা হয়েছে নিজেদের ইতিহাসে সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ইরান ফুটবল দলকে। প্রতিবেদন আল-জাজিরার।
মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন গালেনোয়ি ও তারেমি। দলটির মাস্টার মাইন্ড আমির গালেনোয়ি বলেন, ‘এ ধরনের আচরণ ফুটবলের চেতনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। আমরা জিতি কিংবা হারি, এই পরিস্থিতি আমাদের জন্য মেনে নেয়া কঠিন।’
এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে ইরানের দলকে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে অবস্থান করতে হচ্ছে। কেবল ম্যাচ খেলতে তারা যুক্তরাষ্ট্রে আসবে এবং খেলা শেষে আবার মেক্সিকোতে ফিরে যাবে।
কোচের সাথে একই সুরে তাল মিলিয়ে ইরানের অভিজ্ঞ স্ট্রাইকার মেহদি তারেমিও একই হতাশা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে যে আনন্দ, শান্তি ও উৎসবের অনুভূতি থাকে, এবার সেটি অনেকটাই ম্লান হয়ে গেছে।
এই প্রসঙ্গে তারেমি আরও বলেন, ‘বিশ্বকাপ মানেই মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হওয়া। কিন্তু এবার সেই অনুভূতি আগের মতো নেই। এই ধরনের উত্তেজনা ও অস্থিরতা বিশ্বকাপের আনন্দকে নষ্ট করছে, যা ফিফার কর্মকাণ্ডের সঙ্গেও বেমানান।’
শুধু নিজের অবস্থান নিয়েই কথা শেষ করেননি তারেমি। তিনি সোমালিয়ার রেফারি ওমর আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বলেন, শুধু ইরান নয়, অন্যরাও এমন সমস্যার মুখোমুখি হয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সবার আগে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি ইরান। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র একবার পরাজিত হয়েছে দলটি। তবে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনার পর বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও ধোয়াশা তৈরি হয়েছিল। পরবর্তীতে ত্রিমুখী আলোচনার পর ইরানকে টুর্নামেন্টে অংশগ্রহণের সবুজ সংকেত দেয়া হয়।
অন্যদিকে আগামীকালের ম্যাচ প্রসঙ্গে তারেমি বলেন ‘আমরা নিউজিল্যান্ডকে সম্মান করি এবং আশা করি ম্যাচটি উপভোগ্য হবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: