জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে হারের পর ব্রাজিল জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন তার শেষ হয়ে গেছে। প্রতিবেদন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তের।
নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু, এখানেই আমার শেষ।’
নেইমার স্মরণ করিয়ে দেন, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে তার অভিষেক হয়েছিল। সেই স্টেডিয়ামেই বিশ্বকাপের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে হয়তো শেষ হলো তার জাতীয় দলের অধ্যায়।
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সতীর্থরা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে হতাশার তালিকায় নাম লেখান নেইমার। এর আগে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।
যদি এটাই তার জাতীয় দলের শেষ ম্যাচ হয়ে থাকে, তাহলে ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার। সিনিয়র জাতীয় দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে অনূর্ধ্ব-২৩ দলকে অলিম্পিকের স্বর্ণপদকও এনে দেন তিনি।
এদিকে নরওয়ের কাছে হেরে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে ফল করেছে ব্রাজিল। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারায় ২০৩০ সালে তাদের শিরোপাখরা গড়াবে ২৮ বছরে, যা প্রথম বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ অপেক্ষা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: