রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোয়ার্টার নিশ্চিত স্পেনের
নির্ধারিত ৯০ মিনিটজুড়ে জমজমাট লড়াই। দুই দলের একের পর এক আক্রমণ, গোলরক্ষকদের দুর্দান্ত সব সেভ আর শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটক। শেষ হাসিটা অবশ্য হেসেছে স্পেনই।
যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোহা। অন্যদিকে, শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন মিকেল ওইয়ারসাবাল।
তিন মিনিট পরই পাল্টা জবাব দেয় পর্তুগাল। দুর্দান্ত এক আক্রমণে বল পেয়ে জোরালো শট নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।
১৭তম মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় স্পেন। কিন্তু পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা পরপর দুটি দুর্দান্ত সেভ করে নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে বাঁচান।
এরপর পর্তুগালের আরেকটি আক্রমণের সূচনা করেন রোনালদো। তার তৈরি করা সুযোগ থেকে জোয়াও ফেলিক্সের হেড ফিরিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদোর অ্যাক্রোবেটিক শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন স্পেনের এই গোলরক্ষক।
প্রথমার্ধের শেষ দিকে আবারও চাপ বাড়ায় স্পেন। রদ্রির পাস থেকে বল পেয়ে লামিন ইয়ামাল বাঁ পায়ে জোরালো শট নেন। কিন্তু দুর্দান্ত সেভে সেই প্রচেষ্টা রুখে দেন দিয়েগো কস্তা। ফিরতি বলে আলেক্স বায়েনার শটও ঠেকিয়ে দেন তিনি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়লেও গোলের দেখা মিলছিল না। ৫৬তম মিনিটে পর্তুগালের জন্য বড় ধাক্কা হয়ে আসে নুনো মেন্দেসের চোট। ইয়ামালকে সফলভাবে সামলানো এই ডিফেন্ডার মাঠ ছাড়তে বাধ্য হলে তার জায়গায় নামেন নেলসন সেমেদো।
৬৮তম মিনিটে হাইড্রেশন বিরতির পর আক্রমণে নতুন মাত্রা যোগ করতে জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে তুলে রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালতকে মাঠে নামান পর্তুগালের কোচ। তবে ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি সেই পরিবর্তন।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের দেখা পান বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো। তার করা গোলই স্পেনকে এনে দেয় মূল্যবান জয়।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে, সব আশা শেষ হয়ে গেছে পর্তুগালের। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের, আর শেষ হয়েছে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্নও।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: