ওলিসের হলুদ কার্ড নিয়ে ফিফার সিদ্ধান্তে স্বস্তিতে নেই ফ্রান্স
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন ফিফা নাকচ করেছে। প্রতিবেদন আল-জাজিরার।
বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সাংবাদিকদের দেশম বলেন, ‘হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আজ সকালে ফিফা আমাদের জানিয়েছে, কার্ডটি বহাল রাখা হয়েছে।’
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ ছিল না। ওলিসে গালারসার সামনে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দেন। এরপর গালারসা মাটিতে পড়ে গিয়ে মুখে আঘাতের অভিযোগ করেন।
ফিফা কার্ডটি বহাল রাখায় ওলিসে এখন শাস্তির ঝুঁকিতে রয়েছেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে (স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে) খেলতে পারবেন না।
একই ঝুঁকিতে রয়েছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও। প্যারাগুয়ের বিপক্ষে তারাও হলুদ কার্ড দেখেছিলেন।
এদিকে, উরুর চোটে প্যারাগুয়ে ম্যাচে না খেলা মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দেশম বলেন, ‘চুয়ামেনি এখন আগের চেয়ে ভালো আছে। এর বেশি কিছু বলতে পারছি না। আজ হয়তো অনুশীলনে অংশ নিতে পারে, তবে সেটি দেখে সিদ্ধান্ত নেব। দলের বাকি সবাই প্রস্তুত আছে।’
আর্জেন্টাইন রেফারি নিয়ে বিতর্কে যেতে চান না দেশম
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে ফ্রান্স-আর্জেন্টিনা ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। এর আগে মঙ্গলবার আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনা করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের অভিযোগ তুলে ইতোমধ্যে ফিফার কাছে অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে রেফারি নিয়োগ নিয়ে কোনো বিতর্কে যেতে চান না দেশম।
তার ভাষায়, ‘রেফারি নিয়োগ নিয়ে আমার কিছু করার নেই। আমি শুধু তাদের ওপর আস্থা রাখতে চাই। আশা করি মি. তেলো ও তার সহকারীরা ঠিক ততটাই ভালো দায়িত্ব পালন করবেন, যতটা করেছেন মি. লেতেক্সিয়ে ও তার দল। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সবসময়ই হতে পারে, কিন্তু আমাদের প্রতিপক্ষ মরক্কো। রেফারিকে আমি কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না।’
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম আগেই ঘোষণা দিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষে ১৪ বছরের দায়িত্ব ছেড়ে দেবেন। ফলে বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স হেরে গেলে সেটিই হবে জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। তবে বিদায়ের চিন্তা নয়, পুরো মনোযোগ ম্যাচেই রাখছেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: