আর্জেন্টিনার বিপক্ষে নেই সুইজারল্যান্ডের সেরা তারকা ইয়োহান
চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। এবারের বিশ্বকাপে দলটির সেরা খেলোয়াড় যিনি, সেই ইয়োহান মানজাম্বি হাঁটুর চোটে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতি তাই সুইজারল্যান্ডের আক্রমণভাগের জন্য বড় এক শূন্যতা তৈরি করেছে।
২০ বছর বয়সী তরুণ এই ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। মাত্র ২০০ মিনিট মাঠে কাটিয়ে তিনি তিনটি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। পরিসংখ্যান বলছে, মানজাম্বি মাঠে থাকলে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে, অথচ তাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে দলটির গোল সংখ্যা মাত্র একটি।
কানসাস সিটিতে বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন হতাশ কণ্ঠে বলেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল। আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।’
এর আগে শেষ ষোলোয় লড়াইয়ে লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষেও একই ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি মানজাম্বি। আর সেই চোটই এই ফরোয়ার্ডকে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ পর্যন্ত তিনি যে সুস্থ হয়ে ফিরতে পারেননি, তা সুইজারল্যান্ড শিবিরের জন্য বড় দুঃসংবাদই বটে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে মানজাম্বির মতো একজন কার্যকর খেলোয়াড়কে ছাড়া সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন এখন কৌশলগতভাবে কী পরিকল্পনা সাজান, সেটাই দেখার বিষয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: