অভিজাত ক্লাবে গোলরক্ষক কোর্তোয়া
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার জন্য ছিল ব্যক্তিগত অর্জনের এক মাইলফলক। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটিতে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
দীর্ঘদিন ২০ ম্যাচ খেলা ফ্রান্সের গোলরক্ষক উগো লরিস এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। তবে স্পেন ম্যাচের মাধ্যমে ২১তম ম্যাচ খেলে লরিসকে টপকে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোর্তোয়া। এখন তার সামনে রয়েছেন কেবল জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার। নয়্যার ২৩টি ম্যাচ খেলে এ তালিকার শীর্ষে অবস্থান করছেন।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখেন কোর্তোয়া। সেই আসরে খেলেছিলেন পাঁচটি ম্যাচ। ২০১৮ সালে বেলজিয়ামের ইতিহাস গড়া তৃতীয় স্থান অর্জনের যাত্রায় তিনি সামলেছিলেন সাতটি ম্যাচ। এরপর ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম বিদায় নেওয়ায় কোর্তোয়া খেলেছিলেন তিনটি ম্যাচ। আর ২০২৬ সালের চলমান আসরে স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল তার ষষ্ঠ ম্যাচ।
স্পেনের বিপক্ষে ম্যাচে কোর্তোয়ার সামনে সুযোগ ছিল বিশ্বকাপে নিজের ম্যাচ সংখ্যা বাড়ানোর। তবে দুর্ভাগ্যবশত এই ম্যাচের ৭২তম মিনিটে ইনজুরিতে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। বেলজিয়ামও টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় কোর্তোয়ার সামনে আপাতত নয়্যারের ২৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করার আর সুযোগ নেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ১৮ ম্যাচ খেলে এই তালিকার শীর্ষে ছিলেন জার্মান কিংবদন্তি সেপ মাইয়ার। ১৯৯৮ সালে ব্রাজিলের ক্লাউদিও তাফারেল সেই রেকর্ডে ভাগ বসান। ২০২২ সালে লরিস ও নয়্যার সেই রেকর্ড অতিক্রম করার পর এবার কোর্তোয়া সেই অভিজাত তালিকার শীর্ষে নিজের নাম শক্তপোক্তভাবে লিখিয়ে নিলেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকদের তালিকা:
১. ম্যানুয়েল নয়্যার (জার্মানি) – ২৩ ম্যাচ
২. থিবো কোর্তোয়া (বেলজিয়াম) – ২১ ম্যাচ
৩. উগো লরিস (ফ্রান্স) – ২০ ম্যাচ
৪. ক্লাউদিও তাফারেল (ব্রাজিল) – ১৮ ম্যাচ
৫. সেপ মাইয়ার (জার্মানি) – ১৮ ম্যাচ
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: