[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে পিকফোর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের নতুন মানদণ্ড স্থাপন করলেন জর্ডান পিকফোর্ড। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমেই কিংবদন্তি পিটার শিলটনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হয়ে গেছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল পিকফোর্ডের বিশ্বকাপে ১৮তম উপস্থিতি। এতদিন ১৭ ম্যাচ নিয়ে শীর্ষে ছিলেন শিলটন। একই ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়ে শিলটনের সেই ১৭ ম্যাচের রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছিল পিকফোর্ডের। সেই আসরেই সুইডেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে প্রথম ক্লিন শিটের দেখা পান তিনি। এরপর থেকে প্রতিটি বড় টুর্নামেন্টেই ইংল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

এ পর্যন্ত বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলে ৬টি ক্লিন শিট রেখেছেন পিকফোর্ড। ইংল্যান্ডের গোলরক্ষকদের মধ্যে তার চেয়ে বেশি ক্লিন শিট রয়েছে কেবল পিটার শিলটনের, যার নামের পাশে আছে ১০টি। কিংবদন্তি গর্ডন ব্যাংকসও বিশ্বকাপে ৬টি ক্লিন শিট রেখেছিলেন।

সেভের তালিকাতেও দ্রুত এগিয়ে যাচ্ছেন এভারটনের এই গোলরক্ষক। বিশ্বকাপে এখন পর্যন্ত তার সেভ সংখ্যা ৩২। ইংল্যান্ডের হয়ে তার ওপরে রয়েছেন শুধু গর্ডন ব্যাংকস (৩৩) ও পিটার শিলটন (৫৪)। চলতি বিশ্বকাপেই ব্যাংকসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর