[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারাতে আর্জেন্টিনার কাছে চিঠি এক স্কটিশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। মাঠের মহালড়াইয়ের আগে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আলবিসেলেস্তেদের জন্য এক অপ্রত্যাশিত ও মজার সমর্থন এলো ইউরোপের দেশ স্কটল্যান্ড থেকে। ইংল্যান্ডের ওপর ঐতিহাসিক ও ক্রীড়াগত বৈরিতার কারণে পুরো স্কটল্যান্ড এখন আর্জেন্টিনার জয়ের প্রার্থনায় বুঁদ হয়ে আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্কটিশ নাগরিকের তার আর্জেন্টাইন বন্ধুকে লেখা আবেগঘন ও রসাত্মক চিঠি ভাইরাল হয়েছে, যা দুই দেশের সীমানা ছাড়িয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

কলিন নামের ওই স্কটিশ নাগরিক তার আর্জেন্টাইন বন্ধু আলেহান্দ্রোকে চিঠিতে লিখেছেন, 'এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, স্কটল্যান্ডের একমাত্র আশার প্রদীপ হলো আর্জেন্টিনা। প্রতি বিশ্বকাপে আমাদের একই নিয়ম থাকে—ভাগ্যের জোরে যদি স্কটল্যান্ড কোয়ালিফাই করে, আমরা আনন্দ করি, প্রচুর বিয়ার খাই, ভয়ানক ফুটবল খেলি এবং বিদায় নিয়ে বাড়ি ফিরে আসি। আর ঠিক তার পর মুহূর্ত থেকে আমাদের সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয় একটাই বিষয়: কে ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে?"

ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ঐতিহাসিক রাজনৈতিক ও সামরিক সংঘাতের ইতিহাস দীর্ঘ। ফুটবলেও সেই বৈরিতা স্পষ্ট। চিঠিতে কলিন উল্লেখ করেন, ১৯৬৬ সালে যখন ইংল্যান্ড একমাত্র বিশ্বকাপটি জিতেছিল, সেই বছরই তার জন্ম। গত ৬০ বছর ধরে ইংলিশদের সেই এক বিশ্বকাপ জয়ের অহংকার, গান ও তথ্যচিত্রের অত্যাচার সহ্য করতে করতে স্কটিশরা ক্লান্ত। কলিনের ভাষায়—যদি ইংল্যান্ড এবারও বিশ্বকাপ জিতে যায়, তবে স্কটল্যান্ডকে আক্ষরিক অর্থেই গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন করে ১০০ কিলোমিটার উঁচু এক ইলেকট্রনিক ডোম দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের কোনো খবর স্কটিশ আকাশসীমায় ঢুকতে না পারে!

স্কটিশ ফুটবল ভক্তদের এই আকুতি এখন বিশ্বজুড়ে ফুটবল মোদীদের আড্ডার খোরাক। আর্জেন্টিনার জয়ের প্রয়োজনীয়তা তাদের নিজেদের চেয়ে স্কটিশদের কাছে কোনো অংশে কম নয় উল্লেখ করে কলিন যোগ করেন, "যদি আর্জেন্টিনা বুধবার ইংল্যান্ডকে হারাতে পারে, তবে আমরা পরবর্তী ৪ বছর শান্তিতে ঘুমাতে পারব। সেই গৌরবময় দিনটি এলে আমরা আপনাদের আমাদের ঘরে স্বাগত জানাব, সেরা স্কচ হুইস্কি দিয়ে আপ্যায়ন করব এবং ভাই-বোনের মতো একসাথে হাসব। আর্জেন্টিনা, দয়া করে স্কটল্যান্ডের জন্য হলেও কাজটি ঠিকঠাক করো! ভামোস, ভামোস, আর্জেন্টিনা!"

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর