[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনার হারের রেফারি থাকছেন বিশ্বকাপ ফাইনালে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল পরিচালনার দায়িত্ব পড়েছে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের ওপর।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই লড়াই। সেই ম্যাচে অভিজ্ঞ এই রেফারির নিয়োগ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি নতুন করে সামনে এসেছে তার বিতর্কিত অতীতও। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের পরিচয় নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আলবিসেলেস্তেদের ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনিই। সেটিই ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ হার।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্লোভেনিয়ার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত তিনি। ক্যারিয়ারে পরিচালনা করেছেন ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ ম্যাচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচও তার দায়িত্বে ছিল।

বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ পরিচালনা। এর আগে তিনি আর্জেন্টিনা–সৌদি আরব, ওয়েলস–ইংল্যান্ড, ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এই পাঁচ ম্যাচে তিনি মোট ১৫টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন।

এছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে রিভার প্লেট ও মেক্সিকোর মন্টেরের মধ্যকার ম্যাচও পরিচালনা করেন ভিনচিচ। ওই ম্যাচে রিভার প্লেটের কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানিওকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

তবে মাঠের সাফল্যের পাশাপাশি ভিনচিচের ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে একটি বিতর্কিত অধ্যায়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিয়েলজিনায় একটি কটেজে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। ওই অভিযানে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল। ঘটনাস্থল থেকে নয়জন নারী, ২৬ জন পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন ভিনচিচ। তার দাবি, তিনি কেবল মধ্যাহ্নভোজের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে সে সময় বলা হয়, কথিত পতিতাবৃত্তি চক্রের মূল হোতা তিয়ানা ম্যাকসিমোভিচের সঙ্গে একই টেবিলে বসে থাকায় তিনি এই ঘটনায় জড়িয়ে পড়েন। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি।

ঘটনার পর স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও ভিনচিচের পাশে দাঁড়ায়। সংস্থাটির ভাষ্য ছিল, তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায়’উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি ছিল একটি ভুল বোঝাবুঝি। এরপরও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে আসছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর