[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ম্যারাডোনার পর রেকর্ড দামে বিক্রি পেলের বিশ্বকাপজয়ী জার্সি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

১৯৫৮ সালের বিশ্বকাপে ফুটবল বিশ্ব পেয়েছিল এক নতুন মহাতারকাকে। মাত্র ১৭ বছর বয়সে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ জেতানোর পথে নেতৃত্ব দিয়েছিলেন পেলে। সেই ঐতিহাসিক ফাইনালে তার পরা জার্সিটিই এবার নিউইয়র্কের এক নিলামে বিক্রি হয়েছে প্রায় ৪.৯ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটিরও বেশি টাকায়। ফুটবল ইতিহাসে কোনো জার্সির জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ নিলামমূল্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ফুটবল ইতিহাসে এর চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে মাত্র একটি জার্সি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সিটি ২০২২ সালে নিলামে বিক্রি হয়েছিল ৯.৩ মিলিয়ন ডলারে।

নিলামে পেলের জার্সিটি কিনতে পাঁচজন সংগ্রাহক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১০ দফা দর হাঁকানোর পর শেষ পর্যন্ত ৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয় জার্সিটি। এটি এখন পর্যন্ত পেলের ব্যবহৃত যেকোনো স্মারকের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া সংগ্রহযোগ্য বস্তু।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই জার্সি ২০০৪ সালের একটি নিলামে বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকায়। দুই দশকে এর মূল্য বেড়েছে কয়েক ডজন গুণ।

১৯৫৮ সালের সেই ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছিলেন কিশোর পেলে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করার যে রেকর্ড তিনি গড়েছিলেন, সেটি আজও অক্ষত।

নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথবি’স-এর স্পোর্টস স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ব্রেন্ডন হকস বলেন, এই জার্সি শুধু একটি পোশাক নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক।

তার ভাষ্য, “এই নিলাম সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের স্থায়ী উত্তরাধিকারের আরেকটি প্রমাণ। জার্সিটি এমন একটি মুহূর্তের স্মারক, যেখান থেকে পেলে বিশ্ব ক্রীড়াঙ্গনের আইকনে পরিণত হয়েছিলেন।”

একই নিলামে ফুটবল ইতিহাসের আরও কয়েকটি মূল্যবান স্মারকও বিক্রি হয়েছে চড়া দামে। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পরা অধিনায়কের আর্মব্যান্ড বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩১ লাখ টাকার বেশি দামে।

এ ছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ঐতিহাসিক ৬-১ গোলের প্রত্যাবর্তনের ম্যাচে লিওনেল মেসির পরা জার্সি বিক্রি হয়েছে প্রায় ২ কোটি ৬৮ লাখ টাকায়। অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ডেভিড বেকহামের ৫০তম আন্তর্জাতিক ম্যাচের জার্সির দাম উঠেছে ৬৩ লাখ টাকারও বেশি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর