[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়ালেই অনন্য রেকর্ড গড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বের সেরা দু’দলের লড়াই। তবে শিরোপার এই মঞ্চে জাতীয় দলের পাশাপাশি আলোচনায় থাকে ক্লাবগুলোর প্রতিনিধিত্বও। এবারের বিশ্বকাপে সেই দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফাইনালে সর্বোচ্চ ৯ জন ফুটবলার নিয়ে নতুন ইতিহাস গড়েছে দিয়েগো সিমিওনের দল।

৪৮ দেশের অংশগ্রহণে শুরু হওয়া এবারের বিশ্বকাপে খেলেছিলেন মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলার। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে মাত্র দুটি দল। তাদের স্কোয়াডে এখন আছেন ৫২ জন ফুটবলার, যারা প্রতিনিধিত্ব করছেন বিশ্বের ২৮টি ভিন্ন ক্লাবকে।

টুর্নামেন্টের শুরুতে সবচেয়ে বেশি ১৯ জন ফুটবলার নিয়ে প্রতিনিধিত্ব করেছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। তবে নকআউট পর্বের পর পরিস্থিতি বদলে যায়। ফাইনালের আগে সর্বোচ্চ ৯ জন ফুটবলার নিয়ে শীর্ষে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এই ৯ ফুটবলারের মধ্যে স্পেন জাতীয় দলের হয়ে খেলবেন চারজন। মার্কোস ইয়রেন্তে, মার্ক পাবিল ও আলেক্স বায়েনা শুরু থেকেই অ্যাথলেটিকোর প্রতিনিধি ছিলেন। টুর্নামেন্ট চলাকালেই বেয়ার লেভারকুসেন থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন আলেহান্দ্রো গ্রিমালদো। ফলে তিনিও ক্লাবটির প্রতিনিধিত্বকারী হিসেবে ফাইনালে থাকছেন।

অন্যদিকে আর্জেন্টিনা জাতীয় দলে অ্যাথলেটিকোর প্রতিনিধিত্ব করছেন পাঁচজন ফুটবলার। যদিও নিকোলাস গনসালেস বিশ্বকাপ শুরু করেছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় হিসেবে, ধারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন তিনি ইতালিয়ান ক্লাব য়ুভেন্টাসের প্রতিনিধি হিসেবে বিবেচিত হচ্ছেন।

একটি বিশ্বকাপ ফাইনালে কোনো এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ফুটবলারের প্রতিনিধিত্বের রেকর্ডও এখন অ্যাথলেটিকো মাদ্রিদের। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালিয়ান ক্লাব য়ুভেন্টাসের আটজন ফুটবলার মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করল স্প্যানিশ ক্লাবটি।

এটি শুধু নতুন রেকর্ডই নয়, ধারাবাহিকতারও অনন্য নজির। টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালেও সবচেয়ে বেশি ফুটবলার খেলানোর কৃতিত্ব দেখিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২০১৮ ও ২০২২ সালের ফাইনালেও ক্লাবটি থেকে চারজন করে ফুটবলার খেলেছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ।

অ্যাথলেটিকোর পর দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব বার্সেলোনার। কাতালান ক্লাবটি থেকে ফাইনালে খেলবেন আটজন ফুটবলার এবং তাদের সবাই স্পেন জাতীয় দলের সদস্য। লামিন ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি ছাড়াও বার্সেলোনার আরও পাঁচ ফুটবলার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।

এদিকে তিনজন করে ফুটবলার রয়েছে আর্সেনাল, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিক মার্সেইয়ের। বিশ্বকাপের শেষ ম্যাচে তাই শুধু দুই দেশের নয়, ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আধিপত্যের লড়াইটাও স্পষ্ট হয়ে উঠছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর