[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে দেল বস্কের সতর্কবার্তা, আর্জেন্টিনার দুই শক্তিকেই ভয় স্পেনের সাবেক কোচের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ ভিসেন্তে দেল বস্ক আবারও দেখছেন লা রোজার শিরোপা জয়ের সম্ভাবনা। তবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠা স্পেনকে তিনি আগেভাগেই সতর্ক করে দিয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে।

বাংলাদেশ সময় রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের সম্ভাব্য শেষ ম্যাচ, অন্যদিকে লামিন ইয়ামালের নেতৃত্বে স্পেনের নতুন প্রজন্মের ইতিহাস গড়ার সুযোগ।

এই মহারণের আগে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের অনিশ্চিত খেলার ধরন এবং বড় ম্যাচের অভিজ্ঞতা

দেল বস্ক বলেন, "আমার বিশ্বাস, শিরোপা স্পেনের হাতেই উঠবে। তবে আর্জেন্টিনার অনিশ্চিত খেলার ধরন এবং বড় ম্যাচে তাদের অভিজ্ঞতার ব্যাপারে স্পেনকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই কোনো না কোনো সময় আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে খেলেছি। তাই আমরা খুব ভালো করেই জানি, তারা কতটা কঠিন প্রতিপক্ষ এবং কতটা লড়াকু মানসিকতার।"

সাবেক স্প্যানিশ কোচের এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সের বাস্তবতা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। প্রতিকূল পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সেই মানসিকতাকেই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র মনে করছেন দেল বস্ক।

তিনি বলেন, "ফুটবলের অন্যতম বড় সৌন্দর্য হলো এর অনিশ্চয়তা। এই রোববার কী ঘটবে, তা আমরা কেউই জানি না। আর্জেন্টিনা খুবই কঠিন প্রতিপক্ষ। ক্ষমা করবেন কথাটা বলছি, কিন্তু তারা সত্যিই ভীষণ বিচক্ষণ। তারা খুব ভালো করেই জানে কীভাবে খেলতে হয় এবং কী করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাদের দারুণ প্রত্যাবর্তন দেখলেই সেটা বোঝা যায়।"

দেল বস্কের মতে, স্পেনের তরুণ ফুটবলারদের শুধু নিজেদের স্বাভাবিক পাসিং ফুটবল খেললেই হবে না, বরং আর্জেন্টিনার অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যের জন্যও প্রস্তুত থাকতে হবে।

ফুটবল বিশ্বের নজর এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকে। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরা হওয়ার স্বপ্ন স্পেনের। সেই লড়াইয়ের আগে দেল বস্কের বার্তা পরিষ্কার— আর্জেন্টিনাকে কখনোই সাধারণ প্রতিপক্ষ ভেবে ভুল করা যাবে না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর