আর্জেন্টিনার হারে দুঃখ পাইনি, স্পেনই ছিল যোগ্য চ্যাম্পিয়ন: ট্রাম্প
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে ব্যক্তিগতভাবে দুঃখ পাননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দুই দলই ভালো ফুটবল খেলেছে, তবে স্পেনই শিরোপা জয়ের বেশি যোগ্য ছিল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে স্পেনের হাতে ট্রফি তুলে দেন ট্রাম্প।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আর্জেন্টিনার পরাজয়ে তাঁর খারাপ লেগেছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি দুঃখ পাইনি। আমার মনে হয়েছে, দুই দলই খুব ভালো খেলেছে। তবে স্পেনই ভালো খেলেছে। তারা এই জয়ের সম্পূর্ণ যোগ্য ছিল।’
বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ ‘লেভেল-১’ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। স্টেডিয়াম ও আশপাশের এলাকাজুড়ে ছিল কড়া নজরদারি।
ফাইনালে দুই দলের লড়াই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ব্যবধান গড়ে ওঠে। শেষ পর্যন্ত ওই এক গোলেই স্পেনের হাতে ওঠে বিশ্বকাপের শিরোপা।
এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল স্পেন। একই সঙ্গে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের এই সাফল্য দেশটির ফুটবল ইতিহাসে যুক্ত করল নতুন এক গৌরবময় অধ্যায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: